২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক হুইপ তারার মৃত্যু

সাবেক হুইপ, প্রবীণ রাজনীতিক মাহবুবুল আলম তারা আর নেই। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

ফেনীর সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মাহবুবুল আলম তারার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অসুস্থ মাহবুবুলকে গত ২৯ মে সিঙ্গাপুর নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মঙ্গলবার সিঙ্গাপুর থেকে মরদেহ আনার পর ফেনী সদরের ফরহাদ নগরে পারিবারিক গোরস্তানে মাহবুবুলকে দাফন করা হবে।

১৯৯১ সালে পঞ্চম সংসদে মাহবুবুল বিএনপি প্রার্থী হিসেবে ফেনী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই সংসদে সরকারি দলের হুইপ ছিলেন।

২০০১ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচন করেন মাহবুবুল। তবে পরাজিত হওয়ার পর বিএনপিতে ফিরে আসেন।

বিএনপির কৃষক সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন মাহবুবুল। তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) সাবেক চেয়ারম্যান ছিলেন।

পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়নে যোগ দেয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা দেন মাহবুবুল। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি নেয়ার আগে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাজনীতির পাশাপাশি সাপ্তাহিক অগ্রযাত্রার সম্পাদকও ছিলেন মাহবুবুল আলম তারা।

তার মৃত্যুতে শোক জানিয়ে খালেদা জিয়া বলেন, বিএনপি একজন সুদক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ একজন সংগঠককে হারাল। এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, খালেদা জিয়ার প্রেস সচি মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।