গাজীপুরে উপকূল এক্সপ্রেস লাইনচ্যুত
গাজীপুরের পূবাইল স্টেশনের কাছে ঢাকা-নোয়াখালী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। তবে এরপর থেকে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
পূবাইলের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালী থেকে ঢাকার পথে থাকা উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি বেলা সোয়া ১টার দিকে লাইন পরিবর্তন করাপর সময় পড়ে যায়।
এতে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস পূবাইল স্টেশনে আটকা পড়ে। পরে এই আন্তঃনগর ট্রেনটি পৌনে ৩টার দিকে বিকল্প লাইন দিয়ে সিলেটের পথে ছেড়ে যায় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
স্টেশন মাস্টার তহুরুল বলেন, “টঙ্গী স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের লাইনে ক্লিয়ারেন্স দিতে গিয়ে উপকূল এক্সপ্রেস লাইন পরিবর্তন করতে যায়। তখন উপকূলের ইঞ্জিনসহ পেছনের একটি বগির চাকাগুলো লাইনচ্যুত হয়।”
এতে স্টেশনের সামনে ১ ও ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়ন্তিকা ৩ নম্বর লাইন ব্যবহার করে সিলেটে রওনা হয়।
দুর্ঘটনাকবলিত উপকূল এক্সপ্রেসকে লাইনে ওঠাতে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে বলে রেল কর্মকর্তারা জানান।
ট্রেনে কাটা পড়ে নিহত ২
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. এমদাদুল হক জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গী রেল জংশনের দক্ষিণে আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের ধাক্কায় এক পুরুষ (৫০) মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
প্রায় একই সময়ে উত্তরার কসাইবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৫০) গুরুতর আহত হন। টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
