গুলিতে বাংলাদেশি নিহত, বিএসএফের দুঃখ প্রকাশ
ঝিনাইদহের মহেশপর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে শ্রীনাথপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠকে গুলিবর্ষণের বিষয়টি স্বীকার করে এ দুঃখ প্রকাশ করে বিএসএফ।
সোমবার রাতে ভারত থেকে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন উপজেলার সরিষাঘাটা গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে রিপন (২৮)।
শ্রীনাথপুর সীমান্তের ৬১ নম্বর মেইন পিলার পেরিয়ে ভারতে ঢুকলে নদীয়া জেলার ফতেপুর ক্যাম্প বিএসএফের একটি টহল দল গুলি ছুড়লে রিপন ঘটনাস্থলেই মারা যান। পরে রিপনের সঙ্গীরা তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন।
