ডাক্তার নেই: দশ বছর ধরে অপারেশন থিয়েটার বন্ধ
প্রয়োজনীয় ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা দিতে পারছে না জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অপারেশন থিয়েটারের সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও শুধু ডাক্তারের অভাবে কোন অপারেশন হচ্ছে না ওই হাসপাতালে। এছাড়া যন্ত্রপাতিসহ প্রতি বছর নষ্ট হচ্ছে অপরেশন কাজে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকার ওষুধ।
সরেজমিন ঘুরে জানা গেছে,মাত্র ৪জন ডাক্তার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট্য জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতালকে কিন্তু সব সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি এখনও।
মেডিকেল অফিসার ও জুনিয়র কনসালট্যান্টসহ মোট ২৫ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র ৪জন।
গাইনিসহ সার্জারি ডাক্তারের পদ দীর্ঘদিন শুণ্য থাকায় অপারেশনের সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ১০ বছর ধরে এই হাসপাতালে কোন অপারেশন হয় না।
প্রায় ২২ কিলোমিটার দূরে জয়পুরহাট জেলা আধুনিক হাসটাতাল এবং ৫০ কিলোমিটার দূরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় এখানকার রোগীদের।
একই উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল মজিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে গ্রামে মারামারি হয়।
সেই ঘটনায় তিনি, তার দুই ভাই ও বাবা আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এক সময় তার ভাই ও বাবার অবস্থার অবনতি ঘটে। মজিদ বলেন, “এখানে অপারেশনের ব্যবস্থা না থাকায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করতে হয়েছে।”
টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন আক্কেলপুর পৌর এলাকার থানাপাড়ার বাসিন্দা রফিকুল।
তিনিও বলেন, “এই রোগের চিকিৎসা এখানে হবে না বলে এখানকার চিকিৎসক জানিয়েছেন। তাই জয়পুরহাট হাসপাতালে যেতে হবে।”
এমন অভিযোগ শুধু মজিদ কিংবা রফিকের নয়, হাসপাতালের অনেক রোগীই এখানকার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট নন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. র্যাধেশ্যাম আগরওয়ালা বলেন, “ডাক্তারের অভাবে অপারেশন থিয়েটার বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ।
“সেই সাথে নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের কাজে বরাদ্দ করা ওষুধ।”
প্রতি বছর কি পরিমাণ ওষুধ নষ্ট হচ্ছে জানতে চাইলে ডা. রাধেশ্যাম বলেন, “বরাদ্দকৃত ওষুধ ও অপারেশন সরঞ্জামাদির ব্যাপারে কোন চাহিদা দেওয়া হয় না।”
তবে যে ওষুধ বা সরঞ্জামাদি আসে তার দাম জানানো হয় না তাই এ ব্যাপারে কোন ধারণা দেননি তিনি।
ডাক্তার সংকটের কারণে অনেক রোগীই হাসপাতালে এসে ভর্তি না হয়ে চলে যান; আবার অনেকেই এখানে চিকিৎসা নেন।
নতুন ডাক্তারদের পোস্টিং দিলেও ডাক্তাররা এখানে অবস্থান করতে চান না বলে সেসব পদ খালিই থেকে যায়। ফলে ডাক্তারের অভাবে রোগীদের চিকিৎসা দিতে নার্সদের নানা সমস্যায় পড়তে হয়।
আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কমল জানান, অপরেশন থিয়েটারসহ প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় জরুরি রোগীদের অন্যত্র রেফার্ড করতে হয়।
এতে পথেই কোন কোন রোগী মারা গেছে বলে তিনি আক্ষেপ করেন।
তিনি বলেন, আক্কেলপুর হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করাসহ প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
