বৃষ্টির মাঝে চোখের জলে মিজানকে শেষ বিদায়
অঝোর ধারায় বইছে বৃষ্টি। অসংখ্য মানুষের চোখের আর বৃষ্টির জল যেন একাকার। বৃষ্টিতে শোকার্ত মানুষ কাকভেজা হয়েই জানাজা পড়লেন।
অবিরাম বৃষ্টির মধ্যেই সমাহিত করা হয় দেশের সীমান্ত রক্ষাবাহিনী বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ।
সোমবার শোকাচ্ছন্ন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগর গ্রামবাসী এভাবেই শেষ বিদায় জানায় মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল হাফিজের ছেলে মিজানকে।
হাফিজ ১৯৭১ সালে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। রাজশাহীতে ৭নং সেক্টরে এক যুদ্ধে তিনি শহীদ হন।
গত বুধবার রাতে মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর (বিজেপি)গুলিতে নায়েক মিজান নিহত হন। তিনদিন পরে তার লাশ ফেরত দেয় বিজেপি।
মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের হাতে নিহত হওয়ার ৫ দিন পর মিজানের লাশ পৌঁছায় তার গ্রাম ভেলানগরে।
এ সময় স্ত্রী শামীমা আক্তার পারুল শোকে পাথর। বড় মেয়ে ফাতেমা (১৬), হালিমা (১৪) ও শিমু (১৩) বোবা কান্নায় চোখের জলে বুক ভাসায়।
মিজানের ছোট মেয়ে হাবিবা (৪) ফ্যাল ফ্যাল দৃষ্টিতে বোনদের কান্না দেখে চিৎকার করে কান্না জুড়ে দেয়।
মিজানের মা ফাতেমা বেগম (৬৫) একের পর একজনকে জড়িয়ে ধরে বলতে থাকেন, ‘আমার মিজান আইছেনি, তারে একটাবার আমারে দেখবার দাও ...।’
নিহত মিজানের চাচা সুবেদার (অব.) আবুল কাশেম বলেন, “মিজানের বাবা হাফিজ যুদ্ধে শহীদ হওয়ার পর তার লাশ আমরা ফিরে পাইনি।
“মিজানের মায়ের সাথে আমার বিয়ের পর আমি মিজানকে পুত্রস্নেহে লালন পালন করেছি।
“বাবা হয়ে আজ সন্তানের লাশ কাঁধে তুলে নিতে হয়েছে, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে!”
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শেষ বারের মত স্বামী মিজানের সাথে কথা হয়েছিল তার স্ত্রী শামীমার।
বুধবার দুপুরে তারা জানতে পারেন মিয়ানমার সীমান্তরক্ষীদের (বিজিপি) সাথে বন্দুকযুদ্ধের পর নিখোঁজ হন মিজান।
মিজান কোথায় আছেন, কেমন আছেন এসব চিন্তায় নির্ঘুম রাত কাটাতে হয়েছে তাদের।
কিছুক্ষণ পরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটিতে ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। উপায়ান্তর না পেয়ে বিজিবি নাইক্ষ্যংছড়ি ক্যাম্পের কর্পোরেট নম্বরে ফোন করে জানতে পারেন তাকে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে।
ওই সংবাদে কিছুটা স্বস্তি ফিরে পেলেও ক্রমেই দুশ্চিন্তা বাড়তে থাকে পরিবারের সদস্যদের। উদ্বেগে সময় কাটতে থাকে তাদের। মিজানের স্ত্রী কিছুক্ষণ পরপর চিৎকার করে জ্ঞান হারাতে থাকে।
বৃহ¯পতিবার সারা দিনেও বিজিবি সদস্যরা পরিবারকে কোন তথ্য না দেয়ায় পরিবারে হতাশ হয়ে পড়ে। তারা সন্দিহান হয়ে পড়েন মিজান কি বেঁচে আছেন, না নেই।
শুক্রবার বিভিন্ন টেলিভিশনে নায়েক সুবেদার মিজানের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পরও সংবাদটি মেনে নিতে পারছিলেন না নিহতের স্ত্রী শামীমা।
অবিশ্বাস থেকে সে বার বার বলছিলেন, ‘তিনি ফিরে আসবেন, তিনি মরতে পারেন না। আমারে কইছে, আগামী সপ্তাহে বাড়িত আইবো।’
শনিবার বিকেলে কয়েকটি টেলিভিশনের ক্যামেরা মিজানের বসত ঘরের বিছানায় স্ত্রী-সন্তানদের আহাজারীর ছবি ধারণ করার সময় শামীমা ক্ষিপ্ত হয়ে ক্যামেরা লক্ষ্য করে বালিশ ছুড়ে মারেন।
তিনি চিৎকার করে বলেন, ‘আমার ছবি তুইল্লা কি হইব, আপনারা আমার স্বামীরে ফিরাইয়া আইন্না দেন।’ এ কথা বলার পরপর আবারও অচেতন হয়ে পড়েন শামীমা বলে জানান আবুল কাশেম।
তিনি বলেন,“ মরার জন্যই কি তারে পাহাড়ে টাইন্না নিছে?”
তিনি জানান, এত বছর যাবৎ চাকরি করছে, এই বছর জানুয়ারিতে লালমনিরহাট থেকে বদলি হয়ে পার্বত্য অঞ্চল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যোগদান করেন মিজান।
তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পানছড়ির বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।
তিনি বলেন, “১৯৮৮ সালে আমি যখন বাংলাদেশ রাইফেলসে ফুলবাড়িতে চাকরি করি সেখান থেকে চাকরিতে যোগ দেয় মিজান।”
আবুল কাশেম আরো জানান, বিজিবি-র দক্ষিণ-পূর্ব রিজিওনালের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলীর পক্ষে বিজিবির উর্ধতন কর্মকর্তারা নিহত মিজানের স্ত্রী শামীমা আক্তার পারুলের কাছে তার স্বামীর ব্যবহার্য জিনিসপত্র ও বিজিবির পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।
