চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দরিদ্রদের চোখের চিকিৎসা প্রাপ্তি সহজ করতে গ্রামে চিকিৎসা ক্যাম্প পরিচালনার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে চোখের চিকিৎসকের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “অধিকাংশ বিশেষজ্ঞ চিকিৎসক শহরে অবস্থান করেন বিধায় প্রত্যন্ত অঞ্চলের রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।
“পেশাগত অঙ্গীকার ও সাধারণ জনগণের প্রতি দায়িত্ববোধের তাড়নায় এসব অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত চক্ষু ক্যাম্প পরিচালনার জন্য আমি চক্ষু চিকিৎসকদের প্রতি আহ্বান জানাই।”
চোখের চিকিৎসকের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অফথ্যালমোলজিক্যাল সোসাইটি’র ৫ম বার্ষিক সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বলেন, “ধনী-দরিদ্র, শহর-পল্লী ও স্থান-কাল-পাত্র নির্বিশেষে সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে আপনাদের (চিকিৎসক) শরণাপন্ন হতে হয়।
“অধিকাংশ বিশেষজ্ঞ চিকিৎসক শহরে অবস্থান করেন বিধায় প্রত্যন্ত অঞ্চলের রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাছাড়া চিকিৎসা গ্রহণের সময় অনেক অপ্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করতে বলা হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এ দেশের গ্রামাঞ্চলের হতদরিদ্র জনগণের এই সেবা গ্রহণের সুযোগ কিংবা ক্ষমতা অনেক ক্ষেত্রেই নেই বললেই চলে।”
চিকিৎসকদের দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “কমিউনিটি পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী যেন আরও সহজেই উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা করি।
“বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ কমিউনিটি অপথ্যালমোলজিক্যাল সোসাইটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব জনস্বাস্থ্যের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। সর্বশেষ জাতীয় অন্ধত্ব ও কমদৃষ্টি জরিপে বলা হয়েছে, দেশে ৩০ বছর ও তার বেশি বয়সী সাড়ে ৭ লাখ লোক অন্ধত্বের শিকার।
“এছাড়াও শিশুসহ ৫০ লাখ লোক বর্ণত্রুটি এবং ২ লাখ ৫০ হাজার বয়স্ক লোক কম দৃষ্টি সম্পন্ন, যার ৮০ শতাংশ চোখের ছানি রোগে আক্রান্ত। জরিপে বলা হয়েছে এক্ষুণি ব্যবস্থা গ্রহণ না করা হলে ২০২০ সালে অন্ধত্বের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে।”
রাষ্ট্রপতি বলেন, “আমি জানতে পেরেছি এ কর্মসূচিতে চক্ষু চিকিৎসকদের উচ্চ গুণগত প্রশিক্ষণের পাশাপাশি চক্ষু বিজ্ঞান শিক্ষা উন্নত করতে অন্যান্য সহায়ক উপাদানগুলো শক্তিশালী করণের ওপর জোর দেয়া হয়েছে। আমার বিশ্বাস, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে অন্ধত্বের হার কমে আসবে।”
রাষ্ট্রপতি এসময় ২০১৩ সাল থেকে এমবিবিএস পাঠ্যক্রমে চক্ষু বিজ্ঞান অন্তর্ভুক্ত করার পদক্ষেপের প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম স্বাস্থ্য সেবায় সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “সেবার কোনো দল নাই। সরকার স্বাস্থ্য সেবা দিতে বদ্ধ পরিকর। সবাই সাহায্য করুন। আসুন বাংলাদেশকে স্বাস্থ্য সেবার মডেল বানাই।”
সংগঠনের সভাপতি শরফুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদীন মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং অফথ্যালমোলজিক্যাল সোসাইটির মহাসচিব ইনামুর রহমান চৌধুরী।
