মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১১
মৌলভীবাজার সদর উপজেলায় গোলাগুলিতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে এক কর্মকর্তা গুলিবিদ্ধ। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
রোববার মধ্যরাতে উপজেলার শেরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনায় এক ডাকাতও আহত হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ ছালেক জানান, গুলিবিদ্ধ এসআই সিরাজুল ইসলাম ও ডাকাত লুৎফুর রহমানকে (৩২) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে বলেছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে আসছিল।
“মৌলভীবাজারে ডাকাতি করতে ব্যর্থ হলে লন্ডন প্রবাসী অধ্যুষিত পাশ্ববর্তী সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের।”
গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
এ ঘটনায় মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তিনি নিজেসহ অন্য ছয় পুলিশ আহত হয়েছেন বলে জানান ওসি।
আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- এএসপি সিরাজুল হুদা, পরিদর্শক (তদন্ত) দিলীপ কুমার দাশ, এসআই আব্দুল হাসিম, সিরাজুল ইসলাম, এএসআই নিতাই ও কনস্টেবল আফজল।
এদের মধ্যে- আব্দুল হাসিম ও আফজলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি ছালেক বলেন, ডাকাতির প্রস্তুতি চলার খবর পেয়ে তারা ওই মহাসড়কে অভিযানে যান। এরপর শেরপুর এলাকায় মহাসড়ক ও এর সংলগ্ন তিনটি সড়কে ট্রাক ফেলে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা।
“এক পর্যায়ে পেট্রোল পাম্পের কাছে ব্যারিকেডের কাছাকাছি আসলে মাইক্রোর গতি কমিয়ে ডাকাতরা বের হয়ে গুলি করতে করতে পালানোর চেষ্টা করে। কিন্তু এরইমধ্যে পুলিশ তিনদিক থেকে দলটিকে ঘিরে ফেলে। এসময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে তাদের দলের অন্য সদস্যরা মাইক্রোটি নিয়ে পালিয়ে যায়।”
পুলিশ হেফাজতে চিকিৎসাধীন লুৎফুরের অন্য সহযোগীরা হলেন- ছায়েদ (৩২), মন্নাফ মিয়া (৫৫), আব্দুল মালিক (২২), ইমরান (২৮), তৌফিক (৩০), কাজল (২৭), খায়ের (২৫), জিয়া উদ্দিন (২৮), রিপন মিয়া (২৭) ও শাহিন (৫৫)।
এদের মধ্যে ১০ জন হবিগঞ্জ এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার, সরকারি কাজে বাধা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে রাতেই মডেল থানায় একটি মামলা হয়েছে।
