জামালপুরে ভুয়া ডাক্তার আটক
জামালপুরে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে শহরের দড়িপাড়া বাইপাস এলাকার সান লাইট হেল্থ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও কথিত চিকিৎসক জি এইচ রানা, পরিচালক স্বপন মিয়া, মার্কেটিং কর্মকর্তা রাজু মিয়া ও কথিত প্যাথলজিস্ট সাইফুল ইসলাম।
জামালপুর ডিবি পুলিশের এএসআই শুভ্র সাহা জানান, ওই এলাকার নাহার মঞ্জিলে বাসা ভাড়া নিয়ে কোন অনুমোদন ছাড়াই রানা ডায়াগনস্টিক সেন্টার নাম দিয়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করে আসছিল।
অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার মেশিন জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
