২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি দেয়ার দায়িত্ব ভারতের: শেখ হাসিনা

তিস্তার পানি বাংলাদেশের দরকার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পানি দেওয়ার দায়িত্ব ভারত সরকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধানমন্ত্রী কার্য্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 09:46 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ার জন্য আবারো তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন।

এক প্রশ্নের জবাবে ভারতের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কোনো অসুবিধা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। 

জাপান সফর থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য উদ্যোগী হয় শেখ হাসিনা সরকার, কিন্তু দিল্লির সরকার রাজি থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এ চুক্তি হয়নি।

এক সাংবাদিক প্রশ্ন করেন, তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজি হচ্ছেন না। আপনারা কি তাকে রাজি করানোর উদ্যোগ নেবেন?

শেখ হাসিনা বলেন, “এটা ভারত সরকারের দায়িত্ব। এটা আমার হেডেক না, তাদের (ভারত সরকারের) হেডেক। আলোচনা চলবে। পানি আমার চাই।”

এসময় চুক্তির মাধ্যমে পানি না এল পরবর্তী পদক্ষেপ নিয়ে আভাস দেন শেখ হাসিনা।

“আমরা ভাটিতে। পানি আসবেই। না হলে আমরা বিকল্প ব্যবস্থা রাখছি।”

হিন্দুত্ববাদী ভারতীয় জনতা দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি, যিনি মুখ্যমন্ত্রী থাকার সময় গুজরাটে দাঙ্গায় কমপক্ষে এক হাজার মুসলমান প্রাণ হারায়।

মোদি নির্বাচনী প্রচারণায় ভারতে বাংলাদেশি অভিবাসী নিয়ে বক্তব্য দিয়ে সমালোচিত হন।     

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতুহল রয়েছে।

এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, “এখন পর‌্যন্ত আমার তিনবারের প্রধানমন্ত্রীত্বের সময় ভারতের পাঁচজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।

“আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করেছি এবং আমাদের অনেক সমস্যারও সমাধান করেছি। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় দীর্ঘদিনের সমস্যা ছিল, সেটা সমাধান করেছি। টিপাইমুখ নিয়ে একটা সমঝোতায় আমরা পৌঁছেছি।”

স্থল সীমান্ত চুক্তির উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে করে প্রধানমন্ত্রী বলেন, “মুজিব-ইন্দিরা চুক্তি যারা গোলামির চুক্তি, দেশ বেচার চুক্তি বলেছে, তারাই এখন বলছে, ওই চুক্তি বাস্তবায়ন হওয়া দরকার। কথায় আছে, বুঝলি না ফেলি, বুঝলি দিন গেলি।”

স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ র‌্যাটিফাই করলেও ভারত করেনি। কংগ্রেস সরকার এ বিল পার্লামেন্ট উত্থাপন করেছে, যা পাশের অপেক্ষায় আছে বলে জানান প্রধানমন্ত্রী।

“আমি আশা করি আগামীতে আমরা এটা সমাধান করতে পারব।”

এসময় তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে সমালোচনা করেন শেখ হাসিনা।

“আমি যদি প্রশ্ন করি, কোন সরকার তিস্তার পানি নিয়ে হিস্যাটা চেয়েছে? কেউ মুখ দিয়ে কথা বলেছে? ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া ভারত সফরে গিয়ে উনি গঙ্গার চুক্তি নিয়ে কথা বলতেই ভুলে গিয়েছিলেন। আর এরশাদ সাহেবের তো চাওয়ার প্রশ্নই ওঠে না, উনি তো নাই, জিজ্ঞেসও করে নাই।

“উনি তিস্তা ব্যারেজ বানালেন। আপনি যখন বর্ডারের কাছে কিছু করতে যাবেন... উজানে কারা? উজানে ভারত। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে গেলে এটা আমাদের চিন্তা করে করতে হবে। আমরা কোথায় কি করছি, ভবিষ্যতে কি হতে পারে সেসব চিন্তা না করে তিস্তা ব্যারেজ একটা করে রেখে দিল।

“তারপর তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে যে আলোচনা, এরাতো কোন আলোচনাই যায়নি। আমাদের সময় এটা আলোচনায় এসেছে। আমরা আলোচনা করেছি এবং এই চুক্তি প্রায় হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্য হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেটো দিলেন, বাধ সাধলেন, এজন্য চুক্তিটা হয় নাই।  

“কিন্তু আলোচনা এতদূর আমরাই নিয়ে এসেছি,” মন্তব্য প্রধানমন্ত্রীর।   

এসময় পার্তব্য চট্টগ্রাম শান্তিচুক্তি করে ভারত থেকে ৬৪ হাজার বাংলাদেশী শরণার্থীকে ফিরিয়ে আনার প্রসঙ্গও মনে করিয়ে দেন তিনি।

“কাজেই পাঁচ পাঁচটা সরকারের সঙ্গে আমরা কাজ করেছি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি। হয়তো ভারত বিশাল দেশ, আমার দেশ ছোট হতে পারে। কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম। এটা মাথায় রাখতে হবে। কাজেই সেভাবেই সম্পর্ক হবে। এখানে কোন অসুবিধা হবে না।

“আমরা চাই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক, আমরাও যাবো। সমস্যাও যেমন থাকবে আবার আলোচনার মাধ্যমে সমাধানও করা যাবে।”

সম্মাননায় স্বর্ণ জালিয়াতি

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টে প্রয়োজনের তুলনায় কম স্বর্ণ থাকার অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রধানমন্ত্রীকে।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “একটা কথা আছে না, স্বর্ণকার মায়ের গহনা থেকেও চুরি করে।”

তিনি বলেন, “সম্মাননাটা আমাদের কাছে বড় বিষয়। এটা নিয়ে যত হৈ চৈ করবেন ততোই নিজেদের সম্মান নিজেরাই খোয়াবেন। এতগুলো ক্রেস্ট দেওয়া হয়েছে। কোনটায় কম, কোনটায় বেশি এটাতো মেপে দেখেনি।”

প্রধামন্ত্রী বলেন, “আসলে যারা এটা (সম্মাননা) চায় না তারাই এই সম্মাননা নিয়ে প্রশ্ন তোলে।”