২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উন্নয়নে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বার রাষ্ট্রপতির

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 04:32 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশে’র ২৭ তম বার্ষিক কনভেনশনে তিনি বলেন, “জাতি হিসেবে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, জীবনযাত্রার মান উন্নতি হয়েছে, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি ও নগরায়ণে ব্যাপক উন্নতি হয়েছে। তারপরও স্বীকার করতে হবে আমরা আমাদের প্রত্যাশিত উন্নয়ন থেকে এখনো অনেক দূরে আছি।”

তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ২০২১ সালে ‘মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য লায়ন্স ক্লাবস্-এর ন্যায় অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

“আশা করি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করলে অচিরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা সক্ষম হবো।”

আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের কাজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, “এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।”

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

লায়ন্স ক্লাবের সদস্যদের প্রতি রাষ্ট্রপতি বলেন, “সমাজের স্বচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে কাজের গুণগত মান নিশ্চিত হবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।”

‘আই এম লায়ন হার্টেড ম্যান’

অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “আমি ডেপুটি স্পিকার ছিলাম তখন আপনাদের প্রোগ্রামে এসেছি, পর স্পিকার হলাম তখনও এসেছি, এরপর বিরোধী দলীয় উপনেতা-স্পিকার হওয়ার সময়ও এসেছি।”

“রাষ্ট্রপতি হওয়ার পরও আমি লায়ন্সক্লাবের অনুষ্ঠানে এসেছি। আমি লায়ন্স ক্লাবের সদস্য না, ভুললে চলবে না, আই অ্যাম এ লায়ন হার্টেড ম্যান।” 

এসময় অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন এস এম জগলুল এ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিআই  সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, লায়ন্স ক্লাবের পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর মোসলেম আলী খান, শেখ কবির হোসেন।