২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর পক্ষে সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধার মৃত্যু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 12:38 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৭৪ বছর বয়সী শামসুল ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম সর্বশেষ  কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ছিলেন।

তার  কমিটির সদস্য সচিব সরদার আবু বক্কর শনিবার জানান, তিনদিন আগে অসুস্থ হয়ে পড়লে শামসুলকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। শুক্রবার রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সকালে স্বজনরা ঢাকা থেকে তার মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। বিকেলে শরণখোলা ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন মসজিদের পাশে তার দাফন হবে।

মুক্তিযুদ্ধকালীন সুন্দরবন সাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড শামসুল আলম ২০১২ সালের ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিয়ে এলাকায় বিতর্কের ঝড় তোলেন।

সুন্দরবন সাব-সেক্টরে মেজর জিয়াউদ্দিনের পরে বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই মুক্তিযোদ্ধা তখন বলেন, সাঈদীর তৃতীয় সন্তান মাসুদ বিন সাঈদীর অনুরোধে তিনি সাক্ষ্য দিতে এসেছেন।

শামসুল আলম পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের প্রয়াত মনুচেহের তালুকদারের ছেলে। ষাটের দশকে তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামে জমি কিনে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই মুক্তিযোদ্ধা বাগেরহাট পিসি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৬৪ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক হন এবং পরের বছর সাধারণ সম্পাদক হন। ১৯৬৭ সালে এই সাক্ষী ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য হন ও এক বছর পরে সহসভাপতি হন।

১৯৬৯ সালে তালুকদার মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন এবং ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে অংশ নেন।

১৯৭৮ সালে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০০৮ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন। সম্প্রতি তিনি কাজী জাফরের জাতীয় পার্টিতে যোগ দেন।

পুরনো খবর:

সাঈদীর পক্ষে সাক্ষ্যগ্রহণ শুরু