২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি নেতা মফিজ হত্যা: ৩ যুবক গ্রেপ্তার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নোয়াখালী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মফিজুর রহমান (৬০) হত্যায় জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 10:09 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের বাসা থেকে গ্রেপ্তার করা সাগরকে (১৮)।

পরে তার দেয়া তথ্যমতে শুক্রবার ঢাকার ধানমন্ডি থেকে মুন্না (১৮) ও বাপ্পীকে (১৯) গ্রেপ্তার করা হয়।  

এরা তিনজনই নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা এবং মফিজুর রহমানের পূর্বপরিচিত।

শুক্রবার সন্ধ্যায় তাদের ঢাকা থেকে নোয়াখালীতে নিয়ে আসা হয়। পরে তারা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফের উপস্থিতিতে তার কার্যালয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যার বিবরণ দেন।

শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এসপি ইলিয়াছ।

এসপি জানান, গত ২৭ এপ্রিল রাতে সিপিবি নেতা মফিজুর রহমানকে জেলা শহর থেকে ডেকে নিয়ে সুবর্ণচর উপজেলার আল-আমিন বাজার রাস্তার মাথায় গলা কেটে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রাখা হয়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

ওই রাত ১২টার দিকে সুবর্ণচর উপজেলার আল-আমিন বাজার রাস্তার মাথার পশ্চিমে ক্ষেতের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।

এ ঘটনায় নিহত মফিজের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যস্ত হয়।

নিহত মফিজুর রহমনের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সাগরকে প্রথমে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার ধানমন্ডি এলাকার পুরাতন ৩২ নম্বর সড়কের লেকব্রিজ এলাকর ৫/ডি বাসা থেকে শুক্রবার ডিবি পুলিশ মুন্না ও বাপ্পীকে আটক করে।

মফিজুর রহমানের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে বলেও এসপি।

হত্যাকাণ্ডের বর্ণনা

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, হত্যাকাণ্ডের তিন আগে থেকে মফিজুর রহমানকে হত্যার ছক করেন তারা। ২৭ এপ্রিল রাত ৮টার দিকে তারা তিনজন জেলা শহরের সোনাপুরে পৌঁছেন। এরমধ্যে বাপ্পী ও মুন্না আলাদাভাবে সোনাপুর থেকে সুবর্ণচর উপজেলার আল-আমিন বাজারে পৌছে যান।

পরে সোনাপুর থেকে মফিজের মোটরসাইকেলটি সাগর চালিয়ে তারা দুইজন আল-আমিন বাজার এলাকায় যান।

রাত ১০টার দিকে সেখানে পৌঁছার পর বাপ্পীর সঙ্গে কথা কাটাকাটি হয় মফিজের। এক পর্যায়ে সাগর ধাক্কা দিয়ে মফিজকে ফেলে দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় মুন্না পা  চেপে ধরে এবং সাগর ও বাপ্পী ধারালো ব্লেড দিয়ে মফিজের গলা ও হাতের রগ কেটে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে মোটরসাইকেল নিয়ে শহরে চলে আসেন।