মিজান টাওয়ারকে ঝুঁকিমুক্ত ঘোষণা
সেপটিক ট্যাংকে দু’দফা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ার পরীক্ষা করে ভবনটি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা।
শুক্রবার বিকালে একথা জানানোর আগে সকালেও বহুতল এই ভবনের দোকান থেকে মালামাল সরাতে দেখা গিয়েছিল।
গত বুধবার সন্ধ্যায় প্রথম বিস্ফোরণের পর ঝুঁকি এড়াতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ কেটে দেয়ার পর কল্যাণপুর বাসস্ট্যান্ড লাগোয়া ১২ তলা এই ভবন ছেড়ে যান বাসিন্দারা।
এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফা বিস্ফোরণের পর রাজউক কর্মকর্তারা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে।
বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে মিজান টাওয়ার ‘ঝুঁকিমুক্ত’ বলে জানিয়েছে বলে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাজউকের ডেভেলপমেন্ট ও কনস্ট্রাকশন বিভাগের সদস্য আবদুল হাই।
তিনি বলেন, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফকরুল আমিন ও অধ্যাপক সাইফুল বারী আজ (শুক্রবার) ভবনটি পরীক্ষা করে জানিয়েছেন, তা ঝুঁকিমুক্ত ও বসবাসের উপযোগী।”
মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটি ঝুঁকিমুক্ত বলে রাজউকের চিঠি আমরা পেয়ে তা ভবনের বাসিন্দাদের জানিয়ে দিয়েছি। অনেকে বিকাল থেকেই ভবনে উঠতে শুরু করেছেন।”
বিস্ফোরণের কারণ তদন্ত করতে বুয়েটের বিশেষজ্ঞ দল রাজউককে পরামর্শ দিয়েছে বলে জানান তিনি।
রাজউক কর্মকর্তাদের ধারণা, ভবনটির সুয়ারেজ লাইনে দীর্ঘদিন জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।
সুয়ারেজ লাইন পরিষ্কার করার জন্য সিটি করপোরেশনকে বলেছে রাজউক।
বুধবার মিজান টাওয়ারের উত্তর-পশ্চিম কোনে প্রথম বিস্ফোরণের পর নিচতলার কয়েকটি স্থান ধসে পড়ে। দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়ে আহত হন অন্তত পাঁচজন।
আগের দিনের ঘটনায় আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আবার বিস্ফোরণ ঘটে। এতে ভবন সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এলাকাবাসীকে সতর্ক করে মাইকিংও হয়।
