মিজান টাওয়ার ‘ঝুঁকিপূর্ণ’
দুই দফা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাজধানীর কল্যাণপুরের বহুতল ভবন মিজান টাওয়ারকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে রাজউক।
বুধবারের পর বৃহস্পতিবার সেপটিক ট্যাংকে বিস্ফোরণের পর রাজউকের কর্মকর্তারা সন্ধ্যায় ভবনটি পরীক্ষা করেন।
আগের দিন বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পর কল্যাণপুর বাস স্ট্যান্ড লাগোয়া ১২ তলা এই ভবন থেকে সব বাসিন্দারা সরে পড়েন। ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগও কেটে দেয়া হয়।
এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে ভবনের নিচে আরেকটি বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। পরে যান রাজউক কর্মকর্তারা।
রাজউকের পরিকল্পনা বিভাগের সদস্য শেখ আবদুল মান্নান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন,ভবনটি এখন ঝুঁকিতে রয়েছে।
শুক্রবার বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করবে জানিয়ে তিনি বলেন, “তাদের প্রতিবেদনের ওপর নির্ভর করবে ভবনটির বাসিন্দারা ফিরতে পারবে কি না কিংবা এটি ভেঙে ফেলা হবে কি না।”
বৃহস্পতিবার সন্ধ্যায় মিজান টাওয়ারের পশ্চিম-উত্তর কোনে আকস্মিক বিস্ফোরণে ভবনের নিচতলার কয়েকটি স্থান ফেটে যায়। দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়ে আহত হন অন্তত পাঁচজন।
অগ্নিনির্বাপক বাহিনী প্রথমে গ্যাস লাইন বিস্ফোরণের সন্দেহ প্রকাশ করলেও পরে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস লাইনে কোনো সমস্যা নেই। বিস্ফোরণ হয়েছে সেপটিক ট্যাংকে।
বিস্ফোরণের কারণ জানতে চাইলে রাজউক কর্মকর্তা মান্নান বলেন, “ভবনটির সুয়ারেজ লাইনে দীর্ঘদিন জমে থাকা গ্যাস ছিল। এ কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।”
সুয়ারেজ লাইন পরিষ্কার করার জন্য সিটি করপোরেশনকে বলা হয়েছে বলে জানান তিনি।
বুধবারের বিস্ফোরণের ফলে নিচতলায় দেয়াল, পিলার এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে ভবনের তৃতীয় তলায় থাকা রেস্তোরাঁর কাচ ভেঙে পড়ে।
মিজান টাওয়ারের উল্টো দিকের দোকানি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা ভবনের সুয়ারেজ লাইন পরিষ্কার করার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি।
বিস্ফোরণের সময় সেখানে কয়েকজন আনসার সদস্যও ছিলেন বলে জানান ইসমাইল।আগের দিনে বিস্ফোরণের পর সেখানে পুলিশের সঙ্গে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছিল।
আরো বিস্ফোরণের আশঙ্কায় ভবন সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এলাকাবাসীকে সতর্ক করে মাইকিংও করা হচ্ছে।
রাত সাড়ে ৮টার দিকে গিয়ে দেখা যায়, ভবনটি দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে কাউকে ঘেঁষতে দিচ্ছে না পুলিশ।
বহুতল এই ভবনের নিচের তিনটি তলায় দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওপরে আবাসিক ফ্ল্যাট। তবে বিস্ফোরণের পর সবই এখন খালি।
