২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজান টাওয়ার পরীক্ষায় বুয়েটকে চিঠি দেবে রাজউক

রাজধানীর কল্যাণপুরের বহুতল ভবন মিজান টাওয়ার বসবাসের উপযোগী কি না তা খতিয়ে দেখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) চিঠি দিচ্ছে রাজউক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 11:31 AM

Updated : 13 Oct 2022, 12:09 PM

এছাড়া মিজান টাওয়ারের নিচে বিস্ফোরণের ঘটনা তদন্তে  পাঁচ সদস্যের একটি কমিটি গঠনেরও উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।

রাজউকের ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ভবনে কোথাও ফাটল দেখা যায়নি।

বিস্ফোরণের পর এই ভবন বসবাস উপযোগী কি না তা খতিয়ে দেখা দরকার।

“আর এ কারণে আমরা আজ ভবনটি পরীক্ষার জন্য বুয়েটে চিঠি দিচ্ছি। তাদের প্রতিবেদনের ওপর ওই ভবনে বসবাসের বিষয়টি নির্ভর করবে।”

ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠনের উদ্যোগের কথা জানালেও ওই কমিটিতে কারা থাকছেন সে ব্যাপারে কিছু বলতে পারেননি রাজউকের এই কর্মকর্তা।

বুধবার সন্ধ্যায় ১২ তলাবিশিষ্ট মিজান টাওয়ারের উত্তর-পূর্ব দিকের কোনে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দেয়াল, মেঝে এবং রাস্তার পাশে স্যুয়ারেজ লাইনের স্লাব ক্ষতিগ্রস্ত হয়।

সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

মিজান টাওয়ারের নিচের কয়েকটি তলায় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে,ওপরে আবাসিক ফ্ল্যাট।

ঘটনার পর ওই ভবনের সব বাসিন্দা বাসা ছেড়ে চলে যান। ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয়া হয়। বিচ্ছিন্ন করে দেয়া হয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ।

বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠায় দ্বিতীয় তলার দুটি দোকানের জিনিসপত্র ছিটকে বাইরে গিয়ে পড়ে এবং এতে দোকানের কর্মচারীসহ চার-পাঁচজন আহত হন।