শ্রীমঙ্গলে চা শ্রমিক-খাসিয়া সংঘর্ষ, আহত ১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা শ্রমিক ও খাসিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টায় নাহার চা বাগানে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধরা হলেন চা শ্রমিক নিতাই চাষা (৪০) ও বাগানের টিলা পরিদর্শক (টিলাবাবু) ডি এম নাঈম (৩২)।
আহতদের মধ্যে নাসরিন (৩৫), ডায়মন (৩০), তুরিস (২৫), পোমেন (৩০)ও দিল (৩০) নামে খাসিয়া সম্প্রদায়ের পাঁচজন রয়েছেন। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।
নাহার চা বাগানের ম্যানেজার পীযুষ কান্তি ভট্টাচার্য জানান, মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নিতাইকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
অপরদিকে চোখের নিচে গুলিবিদ্ধ নাঈমকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পীষুষের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় নতুনভাবে খাসিয়ারা চা বাগানের জমি দখল করে ঘরবাড়ি তৈরি করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। খাসিয়ারা অবৈধ অস্ত্র, দোনলা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে।
এদিকে, আসলাম নাহার পুঞ্জির হেডম্যানের সহকারী এডবারমিন গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের পান পুঞ্জির বসতঘর দখল করতে ২/৩ শ চা শ্রমিক অর্তকিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে।
শ্রীমঙ্গল থানার এসআই জালালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে খাসিয়া সম্প্রদায়ের লোকজনের মামলা রয়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে তিনি জানান, দুপুরে চা বাগানের পাশের আসলাম-নাহার পুঞ্জির খাসিয়া লোকজন বিরোধপূর্ণ জমিতে তিনটি ঘর তুলতে যায়। এতে চা শ্রমিকরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
