প্রাতঃভ্রমণে হঠাৎ সাইকেল বিনোদন
সাপ্তাহিক ছুটির দিন সকালে অন্যরকম এক সড়ক দেখল চট্টগ্রামবাসী- ফাঁকা রাস্তায় প্রায় পাঁচ শতাধিক সাইকেল চলছে সার বেঁধে, নানা রঙের সাইকেল, আরোহীরাও বর্ণিল পোশাকে।
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ থেকে শুক্রবার সকালে শুরু নানা বয়সীদের এই ‘দ্বি-চক্রযান’ শোভাযাত্রা শুরু হয়ে টাইগার পাস মোড়, আগ্রাবাদ, হালিশহর, বড়পোল মোড় ধরে সাগরিকা সড়কে গিয়ে শেষ হয়।
সকাল সোয়া ৯টায় সেখানে আরেক চমক। প্রাতঃভ্রমণ শেষে ঘরমুখোদের উৎসুক দৃষ্টি নিয়ে থমকে দাঁড়াতে হল। কারণ শোভাযাত্রা শেষে ইক্লিস্টরা দেখাচ্ছিল নানা কসরৎ।
এক চাকায় সাইকেল চালানো, চলতে চলতে পেছনের চাকা তুলে দাঁড়িয়ে যাওয়া, মুহূর্তে বাঁক ফিরিয়ে গতিপথ বদলানো- এমন সব মজার কসরৎ।
‘ক্রিটিক্যাল মাস অব চিটাগং’ নামের এ আয়োজনে অন্যতম অনুসঙ্গ ছিল বাঁশি আর ভুভুজেলার কান ফাটানো আওয়াজ।
নগরবাসীর সাড়া পেয়ে অভিভূত আয়োজকদের একজন সাদাব ইয়াছির বলেন, “পরিবেশ বান্ধব ও বিকল্প যান হিসেবে সাইকেলের ব্যবহার বাড়াতে নগরবাসীকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।
“বিভিন্ন জাতীয় দিবস ও সচেতনতামূলক কর্মসূচিতে সাইক্লিস্টরা একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন আজকের আয়োজনে।”
১৯৯২ সালে সান ফ্রান্সিসকো শহরে প্রথম শুরু হয় এ ‘ক্রিটিক্যাল মাস’। প্রতি মাসের শেষ শুক্রবার এ ‘ক্রিটিক্যাল মাস’ অনুষ্ঠিত হয়।
এক সঙ্গে দল বেঁধে সাইকেল চালানোর পাশাপাশি নিজের মধ্যে মিলন মেলা ঘটানো হচ্ছে এ ‘ক্রিটিক্যাল মাসের’ মূল প্রতিপাদ্য।
২০০৭ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ‘ক্রিটিক্যাল মাসে’ সে দেশের প্রধানমন্ত্রীসহ প্রায় ৮০ হাজার সাইক্লিস্ট অংশ নিয়েছিলেন।
