২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী শামসুল আলমের বিরুদ্ধে আবার পরোয়ানা

এক বছরের মাথায় চেক প্রতারণার আরেকটি মামলায় আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নগর বিএনপির সহ-সভাপতি ও এমইবি শিল্প গ্রুপের চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান গ্রুপটির চেয়ারম্যান নুরুল আবছার ও ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, বৃহস্পতিবার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ছিল।

“নির্ধারিত দিনে হাজির না হওয়ায় নুরুল আবছার ও শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।”

মামলার অভিযোগ থেকে জানা যায়, বেসরকারি ইসলামী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের জন্য গত বছর ৬ কোটি ৫৭ লাখ টাকার একটি চেক জমা দেয় এমইবি গ্রুপ। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত আসে।

এ ঘটনায় ব্যাংকটির আন্দরকিল্লা শাখার এক কর্মকর্তা বাদি হয়ে গত বছরের জুলাই মাসে এ মামলা করেন।

এর আগে ২০১২ সালের ৪ এপ্রিল রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেডের ৭৮ কোটি ৯২ লাখ টাকা ঋণের বিপরীতে জমা দেয়া চারটি চেক ফেরত আসার অভিযোগে করা মামলায় শামসুল আলমের বিরুদ্ধে গ্রপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত ওই পরোয়ানা জারি করেন।

পরে ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন শামসুল।