২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুখোশ’ থাকলে এখনি খুলে দিন: টিআইবি

দুদক কমিশনার এম সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় টিআইবি বলেছে, তাদের সব কার্যক্রমই স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় এবং লুকানোর কিছু নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

যে ‘মুখোশের’ কথা দুদক কমিশনার বলেছেন, তা থাকলে ‘খুলে’ দেয়ার আহ্বান জানিয়ে দৃশ্যত তাকে চ্যালেঞ্জও জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বুধবার এক অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার সাহাবুদ্দিন টিআইবির অর্থের উৎস এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ‘সময়মতো’ তাদের ‘মুখোশ’ উন্মোচনের হুঁশিয়ারি দেন।

এর প্রতিক্রিয়া জানতে চাইলে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এই ক্ষোভ প্রকাশ ও মন্তব্যে তারা ‘বিব্রত ও হতবাক’ হয়েছেন।

দুদক ‘পক্ষপাতদুষ্ট’ হয়ে কাজ করছে বলে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি অভিযোগ তুললে তার প্রতিক্রিয়ায় মুখোশ খোলার হুঁশিয়ারি দেন সাহাবউদ্দিন।

টিআইবির কাজে কোনো অস্বচ্ছতা নেই দাবি করে ইফতেখারুজ্জামান বলেন, “সরকারের অনুমতি ছাড়া একটি পয়সাও টিআইবি গ্রহণ করতে পারে না। সরকারের অনুমতির বাইরে একটি পয়সাও ব্যয় করার সুযোগ নেই টিআইবির।”

টিআইবিকে নিয়ে এই ধরনের প্রশ্ন তোলাকে ‘খুবই উদ্দেশ্যমূলক’ মন্তব্য করে তিনি বলেন, “আমাদের কোনো মুখোশ নেই। আমাদের সবকিছু উন্মুক্ত।

“মুখোশ উন্মোচনের যদি প্রয়োজন হয়, তাহলে সময় আসলে করবেন কেন? সময় তো এখনি, আজকেই করুন। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সম্পর্কে অনুসন্ধান করুন, তদন্ত করুন, আমাদের সম্পর্কে প্রয়োজনে মামলা করুন, আমরা সম্পূর্ণ সহায়তা করব। একটা সেকেন্ডের জন্য আমরা কোনো অন্তরায় সৃষ্টি করব না।”

দুদকের সমালোচনা করায় ‘হয়রানির উদ্দেশ্যে’ কিছু করার আগে বিষয়টি ভেবে দেখার পরামর্শও দেন ইফতেখারুজ্জামান। 

“তাহলে দ্বিতীয়বার দুদককে ভাবতে বলব, এ ধরনের পদক্ষেপ নেবে কি না? তাহলে মত প্রকাশের স্বাধীনতার অধিকারের বরখেলাপ হবে, মৌলিক অধিকার হরণের অধিকার রাষ্ট্র দুদককে দেয়নি।”

সাহাবুদ্দিন বলেছিলেন, “ইদানিং আমাদের ওপর একটা ওয়াচডগ ভর করেছে।আমাদের কোনো কাজই তাদের পছন্দ হচ্ছে না।”

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “এখানে এক ধরনের স্ববিরোধিতা দেখতে পাই। সমালোচনা করলে ওয়াচডগ হব, আবার সমালোচনা করতেও পারব না, এটা তো হতে পারে না।”

এই প্রসঙ্গে এক দশক আগে দুর্নীতি দমন কমিশন গঠনে টিআইবির ভূমিকার কথাও তুলে ধরেন ইফতেখারুজ্জামান।

“আমরাই প্রথম দাবি করেছিলাম, দুর্নীতি দমন ব্যুরোকে বন্ধ করে দিয়ে দুদক নামে স্বাধীন সংস্থা করতে হবে। তার জন্যে যৌক্তিক গবেষণা ছিল। আমরাই কমিশনের জন্য মূল খসড়া আইনটি করে দিয়েছিলাম। তার ওপর ভিত্তি করে দুদক প্রতিষ্ঠিত হয়।”

সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে টিআইবি সহযোগিতা করে যেতে চায় বলেও জানান ইফতেখারুজ্জামান।

“দুদক আমাদের অত্যন্ত আদরের, প্রাণের প্রতিষ্ঠান। টিআইবি দুদককে মনে করে তার একটা বেবির মতো। এ প্রতিষ্ঠানটির সবার কাছে গ্রহণযোগ্যতা দেখতে চাই।”

পুরনো খবর:

‘যথাসময়ে টিআইবির মুখোশ উন্মোচন’