২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যথাসময়ে টিআইবির মুখোশ উন্মোচন’

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কাজে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এম সাহাবুদ্দিন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

টিআইবির অর্থের উৎস এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সময়মতো জার্মানভিত্তিক প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার ‘মুখোশ’ উন্মোচনের হুঁশিয়ারিও দিয়েছেন।

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শ্রেষ্ঠ মহানগর/ জেলা/ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড ২০১৩’ বিতরণ অনুষ্ঠানে দুদক কমিশনার টিআইবিকে এই হুঁশিয়ারি দেন।

ওয়ান-ইলেভেনের সময় রাজনীতিক ও আমলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দুদকের কার্যক্রমকে উৎসাহ দিলেও গত মহাজোট সরকারের সময় থেকেই দুদক ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করে আসছে টিআইবি।

সাহাবুদ্দিন বলেন, “ইদানিং আমাদের ওপর একটা ওয়াচডগ ভর করেছে।আমাদের কোনো কাজই তাদের পছন্দ হচ্ছে না। আমাদের গঠনমূলক সমালোচনা না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছে প্রতিষ্ঠানটি।”

টিআইবিকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা বড় বড় দুর্নীতিবাজদের জেলে পাঠিয়েছি। এমএলএম কোম্পানির মাধ্যমে সাধারণ মানুষ যেখানে প্রতারণার শিকার হত, তার রাঘব বোয়ালদের শাস্তির আওতায় আনতে পেরেছি।

“আপনারা আমাদের এসব সাফল্যের বিষয়ে তো প্রশংসা করেন না। উল্টো বলছেন, আমরা পক্ষপাতমূলক কাজ করছি।”

সাহাবুদ্দিন দাবি করেন, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদককে বিশেষ একটি গোষ্ঠী ‘ব্যবহার’ করলেও সব বলয় ও প্রভাব থেকে ‘মুক্ত’ সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “টিআইবি বিদেশ থেকে টাকা এনে তথাকথিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে। তাদের এসব কাজের স্বচ্ছতা কী? বিদেশ থেকে যে অর্থ আসে তা কোন কোন খাতে খরচ হয়? সময়মতো টিআইবির মুখোশ উন্মোচন করতে দুদক দ্বিধা করবে না।”

কমিশনের সচিব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান এম বদিউজ্জামান, মহাপরিচালক মো. শামসুল আরেফিন, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ প্রমুখ।