বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কর্নকাঠীর ক্যাম্পাসে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুটিসহ তিনটি বাস ভাংচুর হয়েছে। পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনার পর বরিশাল-পটুয়াখালীসহ ১৭টি রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শফিউল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী ওই ক্যাম্পাসে যাওয়ার জন্য রূপতলী বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে। তারা ক্যাম্পাসের সামনে নামতে চাইলে তাদেরকে কিছুটা দূরে ভোলার সড়কের সামনে নামিয়ে দেয়া হয় এবং ৩ টাকার পরিবর্তে তাদের কাছ থেকে ৫ টাকা ভাড়া নেয় বাসের স্ট্যাফরা।
তিনি বলেন, “ছাত্রীরা বিষয়টি ক্যাম্পাসে গিয়ে অন্য শিক্ষার্থীদের জানালে বিক্ষুব্ধ ছাত্ররা একটি বাস ভাংচুর করে।
“এ সময় হামলার শিকার বাসের হেলপার ও সুপারভাইজারের সঙ্গে বাতবিতণ্ডা হলে তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আটকে রাখে ছাত্ররা।
“পরে আমি গিয়ে তাদেরকে ছেড়ে দেই।”
পরে শ্রমিকরা বরিশাল-পটুয়াখালী সড়কের দুই পাশে গাছ ফেলে ও বাস রেখে সড়ক অবরোধ করে রাখে।
বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈঠকে বসলে শ্রমিকরা লাঠিসোঠা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর বাস ভাংচুর করেছে তারা এবং হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানান তিনি।
শফিউল ইসলাম অভিযোগ করেন, এ সময় পুলিশ শ্রমিকদের প্রতিহত না করে উল্টো ছাত্রদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খান বলেন, “কাউকে উদ্দেশ্যে করে নয় ত্রিমুখী সংঘর্ষ ঠেকাতে ও পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।”
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, প্রথম দফায় ছাত্ররা শ্রমিকদের মারধর করে।এরপর শ্রমিকরা ছাত্রদের উপর হামলা চালায়। তারপর শিক্ষার্থীরা সড়কের পাশের দোকানে ভাংচুর করে।এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
পটুয়াখালী মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, ছাত্ররা বাসে ভাংচুর চালায়। এ সময় বাস চালক আনোয়ার, হেলপার মিরাজ, সুপারভাইজার আলামিন, যাত্রী পারভিন আহত হয়েছে।
তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
শ্রমিক নেতা আরো বলেন, “এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মালিক সমিতির সঙ্গে আলোচনা করে রূপাতলী বাস স্ট্যান্ড থেকে ১৭টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।”
