২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির হাওর পরিদর্শন

অবহেলিত হাওর এলাকার উন্নয়নে সরকারের নেয়া সকল প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

এ কাজ শেষ হওয়ার পর যোগাযোগ ক্ষেত্রে হাওর এলাকার দীর্ঘদিনের সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেন কিশোরগঞ্জের এই সন্তান।    

বুধবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নে হাওর এলাকার উন্নয়নে চলমান একাধিক প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।

রাষ্ট্রপতি বলেন, হাওর এলাকার উন্নয়নে সরকার পুরোপুরি আন্তরিক। প্রকল্পের কাজ শেষ হলে নদী ভাঙনের দীর্ঘদিনের সমস্যা থেকেও হাওরবাসী রক্ষা পাবে।

গোপদীঘি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সফর সঙ্গী যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরও বক্তব্য রাখেন।

এ সময় যোগাযোগ মন্ত্রী হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনটি ফেরি প্রদানের ঘোষণা দেন।

দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ হেলিকপ্টারপযোগে গোপদীঘিতে অবতরণ করেন। এরপর চলমান কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি নির্মাণাধীন তিনটি সড়কের কাজ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এর অগ্রগতি সম্পর্কে জানতে চান।

সড়কগুলো নির্মিত হলে হাওর এলাকার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের সড়ক যোগাযোগ হবে।

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সড়কসমূহ নির্মিত হচ্ছে।

দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানেও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং সমাবেশে বক্তব্য দেন। আধঘণ্টা পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।