ঢাকায় নিখোঁজ কলেজছাত্র রাজশাহীতে উদ্ধার
রাজধানী থেকে নিখোঁজ এক কলেজছাত্রকে রাজশাহীতে উদ্ধার করেছে পুলিশ। তবে, কাউকে আটক করা যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার(পশ্চিম) প্রলয় চিসিম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রেলওয়ে স্টেশনের সামনে ফরহান জামান রিল্কেকে (১৬) পাওয়া যায়।
বুধবার দুপুরে তাকে তার বাবা-মার কাছে তুলে দেয়া হয়।
ফরহান জনতা ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বজলুর রশিদের ছেলে এবং ঢাকার মহাখালীর বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তারা মিরপুরের রুপনগর এলাকায় থাকেন।
প্রলয় চিসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, ফারহান গত ১৭ মে বেলা ১১টার দিকে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।
নিখোঁজের পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তার মায়ের কাছে মোবাইল ফোনে ছেলেকে ফেরত পেতে টাকা দাবি করে। তবে, টাকার পরিমাণ উল্লেখ করেনি অপহরণকারীরা।
পুলিশের উপ-কমিশনার বলেন, অপহরণকারীদের ফোন নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান রাজশাহীতে জানা যায়। এরপর মঙ্গলবার রাতে নগরীতে অভিযান চালিয়ে ফরহানকে উদ্ধার করা হয়।
