চট্টগ্রামে ‘অপহরণ চেষ্টাকালে’ তিনজনকে গণপিটুনি
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বাগান মালিককে ‘অপহরণের চেষ্টার’ সময় তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার রাতে বান্দরবানের লামা থেকে চট্টগ্রাম আসার পথে লোহাগাড়ার পুটিবিলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন ।
পিটুনির শিকার তিনজন হলেন- পারভেজ, ফজলুল ও কামাল উদ্দিন।
লোহাগাড়ার পুটিবিলার কাছে পৌঁছালে মাইক্রোবাসের লোকজন ওই বাগান মালিককে তুলে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসটি আটক করে এবং তিনজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
এসময় স্থানীয় জনগণ তাদের ব্যবহৃত মাইক্রোবাসও ভাংচুর করে।
ওসি শাহজাহান বলেন, “এটি অপহরণের ঘটনা নাও হতে পারে। ওই বাগান মালিক ও গ্রেপ্তার লোকজনদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ আছে।
“এ বিরোধের জের ধরে তারা ওই বাগান মালিককে তুলে নিয়ে যেতে চেয়েছিল।”
পিটুনির শিকার তিনজনকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
