২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন হানিফ সংকেত

পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা এ কে এম হানিফ (হানিফ সংকেত)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

এছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন এবং রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনও এবছর এই পদক পাচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১৪ সালের পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল পাশা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৫ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।

পদকপ্রাপ্তরা ২১ ক্যারেট মানের দুই তোলা ওজনের সোনার সমপরিমাণ অর্থ এবং ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ পাবেন।

গত বছরও জাতীয় পরিবেশ পদকপ্রাপ্তদের দুই তোলা ওজনের সোনার মেডলে দেয়া হলেও গত ১৩ মে জাতীয় পরিবেশ পদক বিষয়ক জাতীয় কমিটি সোনার মেডেলের পরিবর্তে দুই তোলা ওজনের সোনার সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয়।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের দেয়া ক্রেস্টে যে পরিমাণ সোনা দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি।

এই ঘটনার পর জাতীয় পরিবেশ পদকেও সোনা না দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।