মৌলভীবাজারে সাংবাদিককে কোপানোর চেষ্টা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক সাংবাদিকে বাড়িতে ঢুকে কোপানোর চেষ্টা চালিয়েছে এক যুবক। পরে গ্রামবাসী ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে দক্ষিণ সাগরনাল গ্রামের বাড়িতে জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ইমরানুল ইসলামের উপর হামলা চালায় ওই যুবক।
হামলাকারী আব্দুল মুহিত (২৮) পিটুনিতে আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি উপজেলার দক্ষিণ বড়ডহর গ্রামে।
জুড়ী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ বড়ডহর গ্রামে একটি বাড়ির দেড়-দুশ' কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সোমবার বিকালে ইমরানুল ঘটনাস্থলে গিয়ে ছবি তোলেন ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১১টার দিকে মুহিত রামদা নিয়ে ইমরানুলের বাড়িতে হামলা করে বলে দাবি করেন তিনি।
তিনি দাবি করেন, “এ সময় মুহিত উচ্চৈস্বরে ইমরানুলের উদ্দেশে বলেন, ‘তুই কত বড় সাংবাদিক অইছত (হয়েছিস) আমি দেখমু, তোরে হাত-পা কাটিয়া মারি লাইমু (মেরে ফেলবো)।’”
এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মুহিতকে আটক করে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মুহিতকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে মামলা নথিভুক্ত হলে মুহিতকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে গত ১৩ মে রাতে জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লালকে টেলিফোনে (০১৭৫৩-১৮২৩৫৬ নম্বর থেকে) হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
ওই রাতেই মঞ্জুরে আলম জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৪০৬) করেন।
