২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় শিশুকে ধর্ষণের পর হত্যা

যশোরের শার্শা উপজেলায় একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পাঁচ যুবককে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার উপজেলার বসতপুর বড় কলোনীর একটি খাল থেকে সেলিনা খাতুনের (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল সেলিনা।

সেলিনা বসতপুর বড় কলোনীর আব্দুল কাদেরের মেয়ে এবং ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বলে স্বজনরা জানিয়েছেন।

শার্শা থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিনা খাতুনকে সোমবার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। ওই সময় ঝড়বৃষ্টির সুযোগে একই গ্রামের ৪/৫ জন যুবক আম দেওয়ার কথা বলে তাকে কৌশলে স্কুলের পাশে নিয়ে ধর্ষণ করে।

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

পরে শ্বাসরোধ করে হত্যা করে বস্তায় ভরে খালের ধারে ফেলে রেখে যায়।

ওসি আরো জানান, বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ লাশ উদ্ধার এবং ঘটনায় সম্পৃক্ত অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে।

এরা হলেন বসতপুর বড় কলোনীর ছবেদালির ছেলে জাকির, রফিকুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন, শাহ জালালের ছেলে মামুন, জালাল মিয়ার ছেলে রায়হান ও রুহুল আমিনের ছেলে হাসান।

বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ জানান, ধর্ষণকারীদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আটকদের প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে।