বেনাপোলে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ
যশোরের বেনাপোল সীমান্তে ফেনসিডিল আটক নিয়ে মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে বড়আঁচড়া গ্রামের মুচিপাড়া বিজিবি সীমান্ত পোস্ট এলাকায় মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির কয়েক দফা সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে পাচারকারীরা ধারালো অস্ত্র দিয়ে বিজিবির ল্যান্স নায়েক সরণ চন্দ্রের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর মাদক পাচার ও বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে তিন ব্যক্তিকে আটকসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় একদল মাদক পাচারকারী ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে বাংলাদেশে ঢুকে। সেখানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
“পরে বিজিবি বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করে চেকপোস্ট ক্যাম্পের উদ্দেশে রওয়ানা হয়। পথে কয়েকজন পাচারকারী বিজিবি সদস্যদের কাছ থেকে মাদক ছিনিয়ে নেয়ার জন্য আক্রমণ চালায়। এ সময় বিজিবির সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।”
গ্রামবাসীরা জানায়, বিজিবি ও পণ্যপাচারকারীদের মধ্যে দফায় দফায় চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় সীমান্ত এলাকা। পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাচারকারীদের ধারালো অস্ত্রে বিজিবি সদস্য আহত হলে জনবল বৃদ্ধি করে ওই সীমান্তের বড়আঁচড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় গ্রাম থেকে সন্দেহভাজন তিন যুবককে আটক করে।
এদিকে অভিযানের সময় নিরীহ গ্রামবাসী বিজিবির মারধর ও হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল জব্বার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় উত্তেজিত বিজিবি সদস্যরা বড়আঁচড়া গ্রামের পৌর কর্মচারী রিওন কবির, শ্রমিক আলমগীর, সাইদুল, বগা, আজগারসহ নিরীহ গ্রামবাসীকে মারধর করে ক্যাম্পে নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান দাবি করেন, বিজিবির কোনো সদস্য কাউকে আঘাত করেনি। চোরাচালানিরাই এক বিজিবি সদস্যকে মাথায় কোপ দিয়ে আহত করেছে।
নিরীহ গ্রামবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা মাদক পাচারকারীদের রুখতে বিজিবিকে সহযোগিতা করুন। বিজিবি কাউকে হয়রানি করবে না।”
