পার্বত্য জেলা পরিষদের কাছে গেল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মাধ্যমিক স্তরের ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের উপস্থিতিতে সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্ন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা পর্যবেক্ষক হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য জনসংহতি সমিতির চুক্তি ১৯৯৭ অনুসারে এবং পার্বত্য জেলা পরিষদ আইনের ২২ ও ২৩ ধারা এবং প্রথম তফসিল অনুযায়ী এই চুক্তি হয়েছে।
এখন থেকে তিন পার্বত্য জেলার মাধমিক শিক্ষার উন্নয়ন, পরিচালনা, তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ পরিচালিত হবে জেলা পরিষদের ব্যবস্থাপনায়।
চুক্তি অনুযায়ী, জেলা শিক্ষা অফিস, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা বাজেটে বরাদ্দকৃত অন্য অর্থ পার্বত্য জেলা পরিষদে দেয়া হবে।
পার্বত্য জেলা পরিষদ সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন, স্থগিত ও বাতিল করতে পারবে।
এই চুক্তির ফলে জেলা শিক্ষা অফিস ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা পার্বত্য জেলা পরিষদের বিধিবিধান অনুযায়ী হবে।
জেলা পরিষদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জেলার অভ্যন্তরে বদলি করতে পারবে। পরিষদ চেয়ারম্যান জেলা শিক্ষা কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিদ্যালয়ের শিক্ষকের নৈমিত্তিক ছুটি মঞ্জুর এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদন দেবেন।
তিন পার্বত্য জেলায় বর্তমানে ২৭৯টি মাধ্যমিক বিদ্যালয় আছে, যার মধ্যে ১৮টি সরকারি এবং ২৬১টি বেসরকারি।
বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে ১৫৪টি এমপিওভুক্ত। রাঙ্গামাটির ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টি সরকারি, ৭৩টি এমপিওভুক্ত।
এছাড়া খাগড়াছড়ির ৫টি সরকারি, ৬০টি এমপিওভুক্ত এবং বান্দরবানের ৭টি সরকারি, ২১টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদের অধীনে দেয়া হয়েছে।
বিগত মহাজোট সরকারের সময়ে রাঙ্গামাটি জেলার ২৫টি বিভাগ, খাগড়াছড়ি জেলার ২৩টি এবং বান্দরবান জেলার ২২টি বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
