২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের প্রতিবেদন চায় হাই কোর্ট

২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দিয়েছে।

আগামী ১৬ জুনের মধ্যে খাদ্য সচিবকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আবেদনকারীর আইনজীবী সৈয়দ মহিদুল কবির জানান, আদালত রুলে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে কেন নির্দেশ নেয়া হবে না, তা জানতে চায়।

বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ব্যবস্থাপনা পরিচালক, বিএসটিআইর পরিচালক, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাব মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের পক্ষে ফরিদ আহমেদ গত ২১ মে হাই কোর্টে এই রিট আবেদন করেন।

রিটে বাদীপক্ষের আইজীবী হিসাবে রয়েছেন, সৈয়দ মহিদুল কবির ও আজম খান।

রিটে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিক্রির জন্য ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্য আইন করা হয়। কিন্তু সেগুলো বাস্তবায়ন কর্তৃপক্ষ নিষ্ক্রিয়।

নিরাপদ খাদ্য আইনের ১৫ ধারায় বলা হয়, এই আইনের উদ্দেশ্য পূরণে ‘কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হবে।

‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা করার কথাও আইনের ৫ ও ৭ ধারায় বলা হয়।

‘সাবধান! সব খাবারে ভেজাল/তদারকি নেই বাজার, আইন আছে প্রয়োগ নেই’ শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়।

এতে বলা হয়, খাদ্যপণ্যের উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে তা রান্না করার প্রক্রিয়া পর্যন্ত প্রতিটি ধাপেই ক্রেতার অজান্তে ভেজাল মিশে যাচ্ছে। অসাধু চক্র ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে দিনের পর দিন ঠকাচ্ছেন।

“সবজিতে এখন যেমন মেশানো হচ্ছে ফরমালিন, তেমনি হোটেলে রান্না করা মুরগিটিও ভালো নয়। ক্রেতাকে মরা মুরগি (অসুস্থতার কারণে মৃত) গছিয়ে দিয়ে টাকাই আদায় করছেন হোটেল মালিকরা। এমনকি ঘরে ঘরে গৃহিণীরাও খাবার সুস্বাদু করতে যেসব মসলা ব্যবহার করছেন, তাতে দেওয়া হচ্ছে ইট-কাঠসহ নানা রকম কেমিক্যাল রং।”