২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার প্রাণঘাতি অস্ত্র চায় বিএসএফ

বাংলাদেশের সঙ্গে বিশাল সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আবারো প্রাণঘাতি অস্ত্র ফিরে পেতে চাচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়াদিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 01:54 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

বাহিনীর শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, সীমান্ত রক্ষীদের আরো কার্যকর হিসেবে দেখতে চাইলে প্রাণঘাতি অস্ত্র প্রয়োজন।

সীমান্তে হত্যা বন্ধে তিন বছর আগে দেশটির কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বুলেটের পরিবর্তে প্যালেট-গান ব্যবহার করার নির্দেশ দেন বিএসএফকে।

এ ধরনের বন্দুকের গুলিতে সাধারণত কেউ আহত হলেও মারা যায় না।

তবে বিজেপি নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানোর চিন্তাভাবনা করছে বিএসএফ।

বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়ছেন, বাংলাদেশ সীমান্তে মোতায়েন মাঠ পর্যায়ের ইউনিটগুলো থেকে পাওয়া তথ্যে তারা জানতে পেরেছেন, চোরাচালানি এবং দুই দেশের সীমান্ত সংলগ্ন এলাকার সন্ত্রাসীরা এখন অনেক বেশি অস্ত্রসজ্জিত।  

বনগাঁও বিএসএফের এক অধিনায়ক বলেন, “আমাদের সেনাদের হাতে আধুনিক অস্ত্র না থাকলে তারা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না।”

অস্ত্রধারী এসব চোরাচালানিদের দমন করতে না পারলে বিএসএফ সীমান্তে চোরাচালানও অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মনে করেন মেঘালয় সীমান্তে বাহিনীর এক অধিনায়ক।

লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতা মোদি বিভিন্ন সময়ই বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে কঠোর হওয়ার কথা বলছিলেন।

তবে নির্বাচনে বিপুল জয়ের মধ্যে দিয়ে তার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পর আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন মোদি।

বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার আশা করছেন তিনি। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতায় আটকে যাওয়া তিস্তা চুক্তি করার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন তিনি।

Image
Photo: Reuters

Photo: Reuters

সীমান্ত নিরাপদ করার বিষয়ে মোদি উভয়সংকটে আছেন বলে মনে করেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক আশিষ বিশ্বাস।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোদির সমস্যাটা পরিষ্কার। তিনি যদি সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ চান, তাহলে বিএসএফকে প্রাণঘাতি অস্ত্রে সুসজ্জিত করার দাবি তাকে মেনে নিতে হবে।

“আর বিএসএফের হাতে এ ধরনের অস্ত্র থাকলে ক্ষয়ক্ষতিও বাড়বে। কেউ ভুল করে সীমান্তের কাছে গেলেই গুলি খাবে। এবং এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাধাগ্রস্ত হবে।”

ভারী ও প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের অধিকার ফিরে পাওয়ার চেয়ে নিজেদের কার্যকর একটি বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে বিএসএফের মধ্যকার দুর্নীতি নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন তিনি।

সীমান্তরক্ষী বাহিনীর দুর্নীতির কারণেই সীমান্ত দাপিয়ে বেড়ায় চোরাচালানি চক্র।

আশিষ বিশ্বাস বলেন, “বাংলাদেশ বন্ধুপ্রতীম প্রতিবেশী, পাকিস্তান নয়। বিএসএফের যেমন আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়, তেমনি ‘ফেলানী হত্যার’ মতো ঘটনাও ঘটানো উচিত নয়।” 

২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় আটকে যাওয়া ফেলানীকে গুলি করে হত্যার পর তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের নূর ইসলাম নূরুর মেয়ে ফেলানী হত্যার পর মানবাধিকার সংগঠনগুলোর চাপে শেষ পর্যন্ত ঘটনার তদন্ত শুরু করে বিচারের উদ্যোগও নিতে হয় বিএসএফকে।

ঘটনার ১০ দিন পর ১৭ জানুয়ারি ফেলানী হত্যা প্রতিরোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ চেয়ে হাই কোর্টে একটি আবেদনও হয়।

পুরনো খবর:

সীমান্তে হত্যা বন্ধে আলোচনা ‘নিয়মিত’: বিজিবি প্রধান
ফেলানী হত্যার ‘পুনর্বিচার’ হবে
ফেলানী হত্যা: বিএসএফ সদস্য ‘নির্দোষ’