প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় নম্বর বৃদ্ধির সুপারিশ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।
সুপারিশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর ২০ থেকে বাড়িয়ে ৩০ করার প্রস্তাব করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য সামশুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে কমিটি এ সুপারিশ করেছে।”
এদিকে সংসদীয় কমিটির সদস্যদের বিভিন্ন বিভাগের অফিস ও স্কুল পরিদর্শনের জন্য দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত সদস্যরা যে কোনো সময় যে কোনো স্কুল ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত অফিস পরিদর্শন করবেন বলে সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তরা হলেন- রংপুর বিভাগে কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন, চট্টগ্রাম বিভাগে সামশুল হক চৌধুরী, বরিশাল বিভাগে (বরগুনা ও ভোলা জেলা ব্যতীত) আখম জাহাঙ্গীর হোসাইন, খুলনা বিভাগ ও ফরিদপুর জেলায় মো. আব্দুর রহমান, ঢাকা বিভাগে নজরুল ইসলাম বাবু, রাজশাহী বিভাগে আবুল কালাম, ভোলা ও বরগুনায় আলী আজম, সিলেট বিভাগে মোহাম্মদ ইলিয়াছ ও বৃহত্তর ফরিদুপর জেলায় উম্মে রাজিয়া কাজল।
সামশুল হক চৌধুরী বলেন, “মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই দায়িত্ব বন্টন করা হয়েছে।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে যে সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হবে সেসব বিদ্যালয়ে বিদ্যুৎ আছে কিনা তা যথাযথভাবে যাচাই করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ আছে এমন বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণের ক্ষেত্রে প্রাধান্য দেয়ার সুপারিশ করা হয়।
‘প্রাইমারি এডুকেশর ডেভেলপমেন্ট পোগ্রাম-৩’ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।
বৈঠকে দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পুরনো প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘উর্দ্ধমুখী সম্প্রসারণ’ কাজ করার আগে এর ভিত্তিপ্রস্তর সম্পর্কে নিশ্চিত হয়ে কাজ শুরু করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, শামসুল হক চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল অংশ নেন।
