২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুধু চমকের জন্য চট্টগ্রামে ফ্লাইওভার’

বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনের জন্য নয় বরং জনগণকে চমক দিয়ে ভোট আদায়ের কৌশল হিসাবেই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে নগর পরিকল্পনাবিদদের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 08:58 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চট্টগ্রামের ট্রাফিক সমস্যা ও ফ্লাইওভার নির্মাণের যর্থাথতা’ শিরোনামে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নগর পরিকল্পনাবিদরা।

সংবাদ সম্মেলনে ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়–য়া লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সুভাষ বড়–য়া বলেন, বিশ্বের কোথাও সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মত ছাড়া কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ণ হয় না।

“চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণের আগেই আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম। বলেছিলাম- এ প্রকল্পে অর্থের অপচয় হবে এবং নগরবাসীর জন্য সুফল বয়ে আনবে না। বহদ্দারহাট ফ্লাইওভার খুলে দেয়ার পর এই উদ্বেগ সঠিক প্রমাণিত হয়েছে।”

তিনি বলেন, “ফ্লাইওভার খুলে দেয়ার পরও যানজট কমেনি এবং ফ্লাইওভার ব্যবহারকারী গাড়ির সংখ্যা অত্যন্ত কম। এই বাস্তবতার পরেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের নির্মাণ প্রক্রিয়া শুরু করেছে।”

সংবাদ সম্মেলনে ফোরাম সভাপতি ও বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দার খান বলেন, “জনগণকে ধোঁকা দিয়ে চমক সৃষ্টির মাধ্যমে ভোট আদায়ের কৌশল হিসেবে এসব প্রকল্প নেয়া হচ্ছে। এতে দেশিয় সম্পদের অপব্যবহার হচ্ছে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বন্দর নগরীতে ফ্লাইওভার নির্মাণের মত যানবাহন চলাচল করে না। ফ্লাইওভার নির্মাণের চার ভাগের এক ভাগ টাকা খরচ করে সুষ্ঠু পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন সম্ভব।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর চট্টগ্রামে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ প্রকল্প হাতে নেয় সিডিএ। এরমধ্যে বহদ্দারহাট ও দেওয়ানহাট ফ্লাইওভারে কাজ শেষ হয়েছে।

নির্মাণাধীন আছে কদমতলি ফ্লাইওভার। দরপত্র আহ্বান করা হয়েছে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের। এছাড়া শাহ আমানত সেতুর উত্তর দিক থেকে বিমানবন্দর পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ আরেকটি ফ্লাইওভার নির্মাণের প্রকল্প শুরু করতে যাচ্ছে সিডিএ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন, সহ-সভাপতি বিধান বড়ুয়া ও প্রকৌশলী এ বি এম এ বাসেত, ফোরামের নির্বাহী সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষক সুমাইয়া জামাল ইসলাম ও শাহরিয়ার খালেদ প্রমুখ।