ফেলে যাওয়া নবজাতকের প্রাণ গেল গাড়িচাপায়
চট্টগ্রামে পলিথিনের ব্যাগের মধ্যে সড়কে এক নবজাতককে ফেলে যাওয়ার পর গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সোয়া ৫টার দিকে নগরীর কোতোয়ালি থানা এলাকার ফোম মার্কেটের সামনে জুবিলী সড়কে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় পান দোকানি মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে কে বা কারা একটা পলিথিনের ব্যাগ ফেলে যায়।
“রাস্তার ওপরে সড়ক বিভাজকের কাছাকাছি এ জায়গায় অনেকে ময়লা-আর্বজনা ফেলে। ব্যাগের ভেতর থাকায় কেউ লক্ষ্য করেনি এতে কি আছে।”
কিছুক্ষণ পর ওই পথে চলাচলকারী একটি গাড়ি ওই ব্যাগের ওপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ হওয়ায় এলাকাবাসী উৎসুক হয়ে তা দেখতে গিয়ে নবজাতককে মৃত অবস্থায় পায়।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার কনস্টেবল শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন গাড়ি চাপা দিয়েছে তা জানি না। গাড়িচাপায় শিশুটির মাথা থেতলে গেছে।
‘ব্যাগ খোলা হয়নি। তাই শিশুটি ছেলে না মেয়ে তা বলতে পারছি না। আকার দেখে মনে হচ্ছে শিশুটির বয়স কয়েকদিন হবে।’
