২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

রাঙামাটির বরকল উপজেলার বেগেনাছড়ি গ্রামে সোমবার বিকালে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে, আহত হন ১৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

মৃতরা হলেন বেগেনাছড়ি গ্রামের শান্তি বিজয় চাকমা (২৫), রিপেশ চাকমা (১৩) ও সুনীল চাকমা (২৩)।

আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ভাগ্যমনি চাকমা, মিলন চাকমা ও কিরণ চাকমা জানান, বরকল উপজেলা সদরের বেগেনাছড়ি গ্রামের রুপায়ন চাকমার ক্ষেতের ধান কাটছিলেন গ্রামের কয়েকজন লোক।

বিকাল ৩টার দিকে ধান কাটার সময় ঝড়ো হাওয়া ও ব্রজপাত শুরু হলে তারা ধানক্ষেতের পাশে একটি খামার বাড়িতে আশ্রয় নেন। 

এ সময় ব্রজপাতে ১৬ নারী-পুরুষ ও শিশু আহত হন। তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাপাতালে নেয়ার সময় তিন জনের মত্যৃ হয়।

আহতরা হলেন প্রিয় কুমার চাকমা (২৩), প্রিয় শংকর দেওয়ান (৪৮), ভাগ্য কুমার চাকমা (৩২), উষাময় চাকমা (৩০), সত্য কুমার চাকমা (৪০), উত্তম কুমার চাকমা (২৮), সবিতা চাকমা (২৫), পুলক চাকমা (২৪), সুবিময় চাকমা (২৮), গোপাদেবী চাকমা (৫৫), উজ্জ্বল কান্তি চাকমা (৩৮), সুমেত চাকমা (১০) ও করুনাময় চাকমা (৪৫)।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ১৬ জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বাকি ১৩ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।