কালোবাজারি: রেলের টিকিট বিক্রিতে পরিবর্তনের সুপারিশ
কালোবাজারি রোধে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে যাত্রীর নাম ও ফোন নম্বর রাখার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এছাড়া অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে সর্বোচ্চ ৫ দিন আগে কেনার নিয়ম চালু করতে বলেছে কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালোবাজারি বন্ধে সংসদীয় কমিটি টিকিট বিক্রির পদ্ধতি বদলাতে চায়। টিকিট কালোবাজারির ফলে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে।
“দশ দিনের বদলে পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করা হলে কালোবাজারি অনেকটাই কমবে। দেখা যায়, প্রথম দিনই টিকেট শেষ হয়ে যায়। যারা কালোবাজারি করে তারাই সব টিকেট একবারে কিনে নেয়।”
মন্ত্রণালয় কমিটির এ সুপারিশ বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
টিকেট কেনার ক্ষেত্রে যাত্রীর নাম ও ফোন নম্বর উল্লেখ করার বিষয়ে কমিটির সভাপতি বলেন, “এটা করা হলে কালোবাজারিরা একটু সমস্যায় পড়বে। একসঙ্গে অনেক টিকেট কেনার ক্ষেত্র অনেকগুলো ফোন নম্বর সরবরাহ করা কঠিন।”
টিকেট কাউন্টারগুলোতে সিসি ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে বলেও জানান চট্টগ্রামের এই সংসদ সদস্য।
এছাড়া রেলওয়ের নিরাপত্তারক্ষীদের মধ্যে যারা এক জায়গায় অনেক দিন কাজ করছে তাদের অন্যত্র বদলির সুপারিশ করেছে কমিটি।
ফজলে করিম চৌধুরী বলেন, “নিরাপত্তাকর্মীরাই অনেকাংশে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। এক জায়গায় অনেকদিন কাজ করার ফলে এরা একটা চক্র বানিয়ে ফেলে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনায় বলা হয়, রেলওয়ের প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি শতকরা ৫৮ ভাগ।
রেলওয়েতে ২৫ হাজার ৪০৭ কোটি টাকা ব্যয়ে বর্তমানে মোট ৪৬টি প্রকল্প চলমান রয়েছে।
এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান ও ইয়াসিন আলী অংশ নেন।
