বোমারু মিজানের স্ত্রীর ৫ বছর জেল
বিস্ফোরক মামলায় জেএমবির সামরিক শাখার প্রধান জাহিদুল ইসলামের (বোমারু মিজান) স্ত্রীর ৫ বছর কারাদণ্ড হয়েছে।
পুলিশকে হত্যা করে পালিয়ে যাওয়া মিজানের স্ত্রী হালিমা বেগমের উপস্থিতিতে রোববার তাকে এই দণ্ড দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া।
২০০৯ সালের ১৫ মে বোমারু মিজান ও হালিমাকে রাজধানীর উত্তর পীরেরবাগের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
সেদিন গ্রেপ্তার অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে বোমা ছুড়েছিলেন এই জঙ্গি দম্পতি। বিস্ফোরণে হালিমার একটি হাত ক্ষতিগ্রস্তও হয়েছিল।
গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে পীরের বাগের কাছে পূর্ব মনিপুরের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেনেড ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
উদ্ধার করা জিনিসপত্রের ছিল গ্রেনেড, বোমা তৈরির ডেটোনেটর, গ্রেনেড ও বোমা তৈরির রাসায়নিক, বৈদ্যুতিক নিক্তি, ইলেকট্রিক সার্কিটসহ বিভিন্ন উপাদান।
এরপর তাদের বিরুদ্ধে র্যাব মিরপুর থানায় মামলা করেছিলেন। ওই বছরের ১৫ জুন এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।
ঘটনার চার বছর পর রোববার এই মামলার রায় হল। রায়ে স্ত্রীর পাশাপাশি মিজানের ২০ বছর কারাদণ্ড হয়েছে।
বিভিন্ন মামলায় দণ্ডিত মিজান ও জেএমবির দুই শীর্ষ নেতাকে গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেন তাদের সহযোগীরা।
পরে টাঙ্গাইল থেকে রাকিবুল হাসান নামে একজন ধরা পড়লেও মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং মিজান এখনো পলাতক।
