চট্টগ্রাম বন্দরে ‘দুর্ঘটনায়’ নিহত ১
চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর জেটিতে পণ্য ওঠানামার বিশেষ যান ‘হাইস্টারে’ চাপা পড়ে এক জেটি সরকার নিহত হয়েছেন, যাকে হত্যার অভিযোগ এনেছেন সহকর্মীরা।
নিহত গিয়াস উদ্দিন বন্দর সংলগ্ন ফকিরহাট এলাকার অস্থায়ী বাসিন্দা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। চট্টগ্রাম বন্দরে একটি কোম্পানির হয়ে আমদানি-রপ্তানি পণ্যের হিসাব (জেটি সরকার) রাখতেন তিনি।
বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বন্দরের জিআর ইয়ার্ডে পণ্য উঠানামার কাজে ব্যবহৃত বিশেষ যান ‘হাই স্টার’- এর চাপায় আহত হন গিয়াস।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত গিয়াসের সহকর্মী আরিফুল ইসলাম অভিযোগ করেন, “পণ্য আনার জন্য জিআর ইয়ার্ডে গেলে সেখানে বকশিস নিয়ে এক হাই স্টার চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর ওই চালকই ‘হাইস্টার’ দিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়।”
সহকর্মীদের অভিযোগ পাওয়ার পর এনিয়ে বন্দরের পরিচালক (ট্রাফিক) সঙ্গে আলোচনা করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।”
