শাবিতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের দুদিনব্যাপী দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার শুরু হওয়া এ কর্মশালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশ নেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ কর্মশালা আয়োজন করেছে।
সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির (সনাক) সিলেটের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. সাজ্জাদ হুসেইন বক্তব্য রাখেন।
ড. তুলসী কুমার দাস সাংবাদিকদের বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরার মাধ্যমে সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি রোধের পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার ধাপ ও কৌশল, অনুসন্ধানী রিপোর্টিংয়ে সাক্ষাৎকার কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা বিনিময়, অনুসন্ধানী সাংবাদিকতার প্রাথমিক ধারণা, বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
শনিবার দিনব্যাপী প্রশিক্ষণের পর সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানান।
