খুলনায় মৎস্যঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনার ফুলতলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
ফুলতলা থানার ওসি ইলিয়াছ ফকির জানান, শুক্রবার সকালে উপজেলার রুহিয়ার বিল থেকে হাসান আলী বিশ্বাসের(৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাসান উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের মৃত ডাকু বিশ্বাসের ছেলে। তিনি রুহিয়ার বিলে মৎসঘেরের ব্যবসা করতেন।
ওসি ইলিয়াছ ফকির আরো জানান, বৃহস্পতিবার রাতে হাসান বিলের ঘেরে যান। সকালে স্থানীয়রা বিলে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। কি কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ফুলতলা থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
