জুবায়ের হত্যা: সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার সাক্ষীরা পলাতক আসামিদের ভয়ে আদালতে হাজির হচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
সাক্ষীদের আদালতে আসার ক্ষেত্রে পুলিশি নিরাপত্তাও মিলছে না বলে অভিযোগ করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।
বিচারিক আদালত ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে ধার্য করা চার তারিখের মতো বৃহস্পতিবার মামলার পঞ্চম তারিখেও কোনো সাক্ষী আসেননি।
ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক আগামী ২৮ মে পরবর্তী সাক্ষ্যের দিন ঠিক করেছেন।
মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণের পর থেমে আছে বিচার কাজ। সাক্ষীরা না আসায় গত তিনমাস ধরে বারবার শুনানির তারিখ পরিবর্তন করছে আদালত। ফলে আলোচিত এ হত্যা মামলার অগ্রগতি নিয়ে আশঙ্কা করছে বাদিপক্ষ।
আইনজীবী রফিকুল বলেন, “এ মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী জুবায়েরের বান্ধবী নিটোল রাষ্ট্রপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও পলাতক আসামিদের ভয়ে সাক্ষ্য দিতে আসছেন না।”
তিনি জানান, রমনা এলাকার নিবাসী নিটোলকে আদালতে হাজির করার বিষয়ে সংশ্লিষ্ট থানার কাছে বিচারক প্রতিবেদন চাইলেও পুলিশের সাড়া মিলছে না।
ফাইল ছবি
এছাড়া জামিন বাতিল হওয়া আরো দুই আসামি ওইদিন আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদেরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম খান, খান মো. রইছ, জাহিদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব অরুপ, দর্শন বিভাগের ছাত্র মো. রাসেদুল ইসলাম রাজু ও রাজনীতি বিভাগের ছাত্র মাহবুব আকরাম।
আইনজীবী রফিকুলের অভিযোগ, পলাতকরা ভয়ভীতি দেখানোর কারণে কেউ আদালতে সাক্ষী দিতে আসছে না।
জুবায়েরের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলাতক আসামিদের পুলিশ খুঁজে পাচ্ছে না, এটি বিশ্বাসযোগ্য নয়। তারা পলাতক হয়ে নিয়মিত সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে।
“ফলে এখন কেউ আর সাক্ষ্য দিতে আসতে চাচ্ছে না। এ মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে আমরা শঙ্কিত।”
পলাতক চার আসামি বিদেশে যাওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।
এঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান থানায় হত্যা মামলা করেন।
ওই বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ১৩ ছাত্রকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ।
