শিক্ষায় বাজেটের ২৫% বরাদ্দ দাবি
শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংগঠনের এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, দেশে সাধারণ মানুষের শিক্ষার অধিকার দিনে দিনে সংকুচিত হচ্ছে। ধীরে ধীরে শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণে তা সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে জনগণের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবি জানান।
ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি তাজনাহার রিপনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দীন, সহ সভাপতি মুক্তা ভট্টাচার্য, অর্থ সম্পাদক দীপা মজুমদার ও প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহেদ প্রমুখ।
