বাগেরহাটে পাঁচ শুঁটকি ব্যবসায়ীর যাবজ্জীবন
সুন্দরবনের দুবলারচরের জেলে পল্লীতে এক বাবুর্চিকে পিটিয়ে হত্যার দায়ে পাঁচ শুঁটকি ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিততে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের ব্রজেন বিশ্বাসের দুই ছেলে জয়দেব বিশ্বাস ও মহাদেব বিশ্বাস, একই গ্রামের শেখ শামছুর রহমানের ছেলে শেখ সিরাজুল ইসলাম, ভোলানাথ রায়ের ছেলে রমেন নাথ রায়, গৌর বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস।
মামলার নথির বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান, দুবলার চরের আলোরকোল জেলে পল্লীর শুঁটকি ব্যবসায়ী জয়দেব বিশ্বাস নিজ এলাকার শ্বেত সরদার ও লিটন বিশ্বাসকে বাবুর্চি হিসেবে কাজে নেন।
২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি জয়দেবের ট্রাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি হয়।
এই টাকা চুরির জন্য শ্বেত সরদার ও লিটনকে সন্দেহ করে জেলেপল্লীতে সালিশ বৈঠক বসায় জয়দেব। বৈঠকে তারা দুজন টাকার চুরির অভিযোগ অস্বীকার করলে জয়দেবসহ কয়েকজন ওই দুজনকে বেদম পেটায়। এতে শ্বেত সরদার মারা যান।
এই ঘটনায় ওই বছর ১ মার্চ নিহতের ছেলে প্রিন্স সরদার বাগেরহাটের শরণখোলা থানায় জয়দেবসহ পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করে।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান মিয়া ওই বছরের ৬ জুন জয়দেবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
