আশুলিয়ায় পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ
সাভারের আশুলিয়ায় পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনের ফুটপাথের চা দোকান থেকে পুলিশ রিপন মিয়াকে (২৬) তুলে নেয়।
এরপর বৃহস্পতিবার ভোরে রিপনের পরিবারকে তার মৃত্যুর খবর দেয় পুলিশ।
রিপন স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ফুটপাথে চা-সিগারেট বিক্রি করতেন। স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার থাকতেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের রফিক মিয়ার ছেলে রিপন।
রিপনের স্ত্রী সাথী আক্তার অভিযোগ করেন, টাকা না দেয়ায় রিপনকে নির্যাতন করে মেরে ফেলেছে পুলিশ।
রিপনকে ধরে নেয়ার সময় ওই স্থানে থাকা সাথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টহল ডিউটিতে থাকা আশুলিয়া থানার এএসআই আনোয়ার হোসেন তার স্বামীর কাছে ১ হাজার টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় মারধর করে পুলিশ ভ্যানে তুলে নেয়া হয় তার স্বামীকে।
এরপর স্বামীকে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে তদবির করলেও ফল পাননি সাথী। ভোররাতে পুলিশ তাকে জানায়, রিপন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গণস্বাস্থ্য হাসপাতালে লাশ রয়েছে।
সাথী বলেন, "পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার পর সড়ক দুর্ঘটনা কোথায় হল? পুলিশ টাকা না পেয়ে নির্যাতন করে আমার স্বামীকে মেরে ফেলেছে।"
ঘটনার সময় টহল টিমে আশুলিয়া থানার এএসআই আনোয়ার হোসেনের সঙ্গে কনস্টেবল এমদাদুল হক ও রুহুল আমীন ছিলেন বলে জানান নিহতের স্ত্রী।
গণস্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক কৌশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তবে তার আগেই তার মৃত্যু হয়েছিল।
রিপনের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনায় রিপন আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জেনেছেন।
রিপনের স্ত্রীর অভিযোগের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, যেহেতু একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাসুদের (সহকারী কমিশনার, আশুলিয়া) উপস্থিতিতে সূরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
দুর্ঘটনা, না নির্যাতনে মৃত্যু- ময়নাতদন্তে তা নিশ্চিত হলে সে অনুযায়ী মামলা নিয়ে দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সাথীর অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শ্যামল কুমার মিত্রকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাভার জোনের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম।
এএসপি রাসেল শেখ জানান, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
