২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক বিশ্ববিদ্যালয় করার বিরোধীদের হুঁশিয়ারি মহিউদ্দিনের

চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলেও হাসপাতালটি সরকারি ব্যবস্থাপনায়ই পরিচালিত হবে জানিয়ে এর বিরোধিতাকারীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 09:22 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন নিজের বাসভবনে এক মতবিনিময় সভায় সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে এসে বলে গেছেন। তারপরও মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে বির্তক সৃষ্টি চক্রান্ত ছাড়া কিছু নয়।

“জুন মাসে লালদীঘি মাঠে সভা ডেকে বিভেদ অবসানের চেষ্টা করব। বিরোধিতাকারীদের প্রথমে হাতে-পায়ে ধরে বোঝাব। যদি না হয় তাহলে ‘টিট ফর ট্যাট’।”

এ বিষয়ে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের কপি দেয়া হয় গণমাধ্যমকর্মীদের।  

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল আলমের সই করা  প্রজ্ঞাপনে বলা হয়েছে, “চট্টগ্রাম মেডিকেল কলেজকে শুধু স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই মতবিনিময় সভায় বিএমএ নেতারাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি শেখ শফিউল আজম বলেন, এ নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। সরকার ইতোমধ্যে চট্টগ্রামে আরেকটি মেডিকেল কলেজ হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে।

“চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হতে পারে।”

সভায় জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সিডিএর সাবেক চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।

গত মার্চ মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণার পর পাল্টাপাল্টি অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ।

সরকারের এ ঘোষণার পক্ষে গত ১১ মার্চ নগরীর লালদীঘি মাঠে সমাবেশ করে বাস্তবায়ন পরিষদ। সেখানে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরুর ঘোষণা দেন।

এরপর বিভিন্ন সামাজিক সংগঠনও বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়ে নগরীতে সভা-সেমিনার করে।