২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় জাবি ছাত্রীর মৃত্যুর পর মহাসড়কে ভাংচুর

গাড়িচাপায় এক সতীর্থ নিহত হওয়ার পর ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

ও জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে বাসের জন্য দাঁড়ানো অবস্থায় গাড়িচাপায় নিহত হন নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী।

এরপর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা ভাংচুর শুরু করে, যার মধ্যে পুলিশের একটি গাড়িও রয়েছে।  

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহত ফাতেমা খাতুন নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন, তিনি প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি পাবনার আতাইকুলা থানায়।

গাড়িচাপায় আরো দুজন আহত হয়েছেন। তারা হলেন রেহানা আক্তার ও নুরুল ইসলাম। নুরুল ইসলাম বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রেহানার পরিচয় পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুলকারনাইন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় যেতে বাসের জন্য ক্যাম্পাসের বিপরীত পাশে ডেইরি ফার্মের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন ফাতেমাসহ বেশ কয়েকজন।

“এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষারতদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।”

আহত রেহানা ও নুরুলকে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে।

আশুলিয়া খানার ওসি বদরুল আলম জানান, ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে সিঅ্যান্ডবি এলাকায় পিকআপ এবং এর চালককে আটক করা হয়।