রাজধানীতে অপহরণকারী সন্দেহে গ্রেপ্তার ৬
রাজধানীতে অপহরণকারী সন্দেহে এক নারীসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
অপহরণ ঠেকাতে গোয়েন্দা পুলিশের গড়ে তোলা ইউনিট ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’ মঙ্গলবার রাতে বাড্ডা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন।
বুধবার দুপুরে মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তাররা সিলেটের ওসমানীনগর গুয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক অপহরণে জড়িত বলে তারা ধারণা করছেন।
এই চক্রের অন্যতম সদস্য জাহাঙ্গীরকে ধরা সম্ভব হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল।
তিনি বলেন, গত ১১ মে রাজধানীর গুলশান এলাকা থেকে চেয়ারম্যান আতাউর (৪৬) অপহৃত হন। ৪০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে পর দিন তাকে ছেড়ে দেয়া হয়।
এর পরেও এই চক্রটি ‘অশ্লীল’ ছবির ভয় দেখিয়ে মানিককের কাছে আরো তিন লাখ টাকা দাবি করে।
পরে মানিক গুলশান থানায় একটি মামলা করলে তার সূত্র ধরেই ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান যুগ্ম-কমিশনার।
তিনি বলেন, “ওই চেয়ারম্যানের সঙ্গে মাসুমার সম্পর্কের জের ধরেই অপহরণের ঘটনাটি ঘটে। এই চক্রটি নারীর মাধ্যমে বিভিন্ন জনকে ফাঁদে ফেলে অপহরণ করে টাকা আদায় করে থাকে।”
এর আগে মঙ্গলবারও ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশের এই বিশেষ গোয়েন্দা বাহিনী।
ঢাকাসহ সারা দেশে ব্যাপক হারে অপহরণ, গুম ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তা প্রতিরোধে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে চলতি মাসেই অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠিত হয়।
