২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ৩ র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দাবি  

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 05:15 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুপুর ১টার দিকে তারা আদালত পাড়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন।

সমাবেশে মামলার প্রধান আসামিকে খুঁজের বের করে গ্রেপ্তার এবং অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার দাবি জানান তারা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এর আগে আইনজীবীরা এ দাবিতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একঘণ্টা আদালত বর্জন করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন,  র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে অবিলম্বে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো এবং মামলায় জড়িত প্রধান আসামি নূর হোসেনসহ অন্যদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।

অপহরণের ঘটনার সাক্ষ্য দেয়া প্রত্যক্ষদর্শীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে তাদের নিরাপত্তার দাবি করেন তিনি।

তিনি বলেন, হত্যা মামলার ৩ নম্বর আসামি হাসমত আলী যশোর থেকে গ্রেপ্তার হওয়ার খবর শুনেছেন।

“আমাদের ধারণা, গ্রেপ্তার দেখানো হলে তিনি রাঘব বোয়ালাদের নাম বলে দেবেন এই আশঙ্কায় তাকে গুম করে অথবা দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে,” বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, র‌্যাবের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ মন্ত্রীর আত্মীয় হওয়ায় তাকে সমীহ করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তিনি অবিলম্বে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত জন নিখোঁজ হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।