সংখ্যায় ১২ জন, ৬ বছরে ‘৩ হাজার ছিনতাই’
চট্টগ্রাম নগরীতে ১২ জনের একটি ছিনতাইকারী দলের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা গত ৬ বছরে ৩ হাজার ছিনতাই করার কথা স্বীকার করেছে।
মঙ্গলবার ভোরে নগরীর সিটি গেইট এলাকা থেকে গ্রেপ্তার এই চারজন আগে কখনো গ্রেপ্তার হয়নি বলেও জানিয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- ইব্রাহীম খলিল (২৫), মো. হাসান (৩৫), মো. সিরাজ (৪৮) ও মো. রিপন (২৬)।
তাদের কাছ থেকে টেপ, রশি, কিরিচসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চক্রের অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।”
অলংকার মোড় থেকে সিটি গেইট যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে ওই চারজনকে আটক করা হয়।
ওসি মজিদ বলেন, এরা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।
গ্রেপ্তার চারজন পুলিশকে জানিয়েছেন, তাদের চক্রে কয়েকজন গাড়িচালকও রয়েছেন।
গাড়ি নিয়ে নগরীর বিভিন্ন স্থানের পাশাপাশি মহাসড়ক ধরে ফেনী পর্যন্ত বিভিন্ন স্থানেও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা।
ইব্রাহীম পুলিশকে বলেছেন, “রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা পথচারীকে আটকে টাকা -পয়সা ও মোবাইল ছিনিয়ে নিত। ধস্তাধস্তি করলে গাড়িতে তুলে মুখে টেপ আটকে দিত, সব কিছু নিয়ে চোখে মরিচের গুঁড়ো লাগিয়ে রাস্তায় ফেলে দিত।”
২০০৯ সাল থেকে গত ছয় বছরে নগরী এবং আশপাশের এলাকায় ৩ হাজারেরও বেশি ছিনতাইয়ে এই চক্র জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওসি মজিদ জানান।
“রাস্তায় ছিনতাইয়ের পাশাপাশি তারা তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চুরির সাথে জড়িত। দিনে চার থেকে পাঁচটি পর্যন্ত ছিনতাইও তারা করে থাকে,” বলেন তিনি।
