তীব্র তাপদাহ থাকছে আরো কয়েকদিন
সাগরে লঘুচাপ থাকায় ও বৃষ্টির অভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ; সর্বত্র বিরাজ করছে ভ্যাপসা গরম।
আর গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়াসহ পানিশূণ্যতাজনিত রোগ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো কয়েকদিন তাপদাহ থাকবে এবং বিস্তার ঘটবে।
সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়- ৪২ দশমিক ৬ ডিগ্রি সিলসিয়াস, যা গত মাসের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত ২৪ এপ্রিল যশোরের তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এটা মৌসুমের দ্বিতীয় দফা তাপদাহ। এর আগে গত ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল দেশজুড়ে বয়ে যায় তীব্র তাপপ্রবাহ।
অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জমান জানান, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বৃষ্টিপাত না থাকায় গরমে অতিষ্ঠ জনজীবন।
“দু’চার দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম। এসময় তাপদাহ থাকবে।”
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, মাইজদী র্কোট ও দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশে ৮৮৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি হয়েছে ৪৬৫ জন।
গত এক সপ্তাহে দেশজুড়ে ৬ হাজার ৫৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
অধিদপ্তরের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, গত কয়েকদিনে তীব্র গরমে মানুষের হাসফাঁস অবস্থা। রোগাক্রান্ত মানুষের সংখ্যাও তুলনামূলক বাড়বে।
এমন গরমে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের পরামর্শের সঙ্গে প্রতিবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া ও বাসি খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
এই চিকিৎসক জানান, গরমে দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে খোলা খাবারও দূষিত হয়ে পড়ছে। এক্ষেত্রে পানীয় ও খাবার খেতে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে।
মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য গত মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে।
এসময় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতবছর এপ্রিলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বুধবারও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।
